বিলবোর্ড দখল করে পরিবর্তনের অঙ্গীকার মেয়রপুত্রের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহর ও আশপাশের এলাকার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিলবোর্ড দখল করে রাজনীতিতে নিজের উপস্থিতির জানান দিয়েছেন সিটি মেয়র এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম। বিলবোর্ড দখল করে সাঁটানো ব্যানারে তিনি নিজেকে ‘প্রতিশ্রুতিশীল’ পরিচয় দিয়ে আগামী সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলের জেলা বা উপজেলার কোনো কমিটিতে মঞ্জুরুল করিমের কোনো পদ নেই। এমনকি তিনি দলের সদস্যও হননি। তবে বিলবোর্ড দখলের অভিযোগ স্বীকার করেননি মঞ্জুরুল করিম। তাঁর দাবি, তাঁর সমর্থকেরাই বিলবোর্ডে প্রচার চালাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠের পূর্ব পাশে ছয়টি বড় বিলবোর্ড। বিদ্যালয় কর্তৃপক্ষই এগুলো ভাড়া দিয়েছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে। কিন্তু তিনটি বিলবোর্ডে অন্য কোম্পানির বিজ্ঞাপনের ওপর সাঁটানো হয়েছে মঞ্জুরুল করিমের ব্যানার।

পোস্টারে লেখা রয়েছে, ‘নতুনত্ব ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শুরু হোক আগামী দিনের পথচলা। উদ্ভাসিত আগামীর অভিযাত্রিক, প্রতিশ্রুতিশীল তরুণ নেতা। গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র এম এ মান্নান স্যারের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি ভাইকে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য হিসাবে দেখতে চাই।’

গাজীপুরের চান্দনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, ‘বিলবোর্ডে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার জন্য কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি বা এর জন্য টাকাও পরিশোধ করেনি। তারা অবৈধভাবে এগুলো লাগিয়েছে।’

চান্দনা চৌরাস্তা মোড়ের মসজিদ মার্কেট ও কে চৌধুরী মার্কেটের ওপরেসহ ওই এলাকার আট-নয়টি বিলবোর্ডে টাঙানো হয়েছে মঞ্জুরুল করিমের ছবিসহ বিশাল ব্যানার। ভোগড়া বাইপাস, সদর উপজেলার কোনাবাড়ী ও জেলাখানা গেট এলাকার কয়েকটি বড় বিলবোর্ডেও দেখা গেছে একই ধরনের ব্যানার। এ ছাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে বিভিন্ন এলাকায় তাঁর পক্ষে প্রচুর ফেস্টুন ও পোস্টার দেখা গেছে। কে চৌধুরী মার্কেটের ওপর দুটি বিলবোর্ডের মালিক বিজ্ঞাপনী সংস্থা জনি আর্ট। তাদের বিলবোর্ড দুটিতেও লাগানো হয়েছে মঞ্জুরুল করিমের নির্বাচনী ব্যানার।

জনি আর্টের ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁদের বিলবোর্ড দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া আছে। কিন্তু ওই সব প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন ঢেকে দিয়ে রাজনৈতিক ব্যানার লাগানো হয়েছে। এ জন্য তাঁদের কাছ থেকে কেউ অনুমতিও নেয়নি।

তবে গত সোমবার রাতে মসজিদ মার্কেটের বিলবোর্ডটি থেকে মেয়রপুত্রের ব্যানার অপসারণ করেছে সংশ্লিষ্ট বিজ্ঞাপনী প্রতিষ্ঠান। গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে গাজীপুর সদরের বাসন, কাশিমপুর ও কোনাবাড়ী ইউনিয়ন ও কালিয়াকৈর উপজেলা নিয়ে গঠিত গাজীপুর-১ আসন।

বিগত সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহামেঞ্চদ সিদ্দিকী। তিনি পরাজিত হন আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হকের কাছে। পরবর্তীকালে তিনি দল থেকে বহিষ্কৃত হন এবং এরপর এলাকার নেতা-কর্মীদের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম প্রথম আলোকে বলেন, ‘মঞ্জুরুল করিমের জেলা বা উপজেলা কমিটিতে কোনো দলীয় পদ নেই। এমনকি তিনি এখনো দলের সদস্যও হননি।’ তবে বিলবোর্ড দখল করে মঞ্জুরুলের প্রচারের বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
মঞ্জুরুল করিম প্রথম আলোকে বলেন, ‘গাজীপুর-১ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা আছে। বিলবোর্ডগুলো আমি দখল করিনি। আমার সমর্থকেরা বিলবোর্ডগুলোতে আমার পক্ষে প্রচার চালাচ্ছেন।’