বিলবোর্ড নিয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরের বিলবোর্ড দখলের ব্যাপারে কোনো বিজ্ঞাপনী সংস্থা বা এজেন্সি এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি। এ কারণে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কেউ লিখিত অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান প্রথম আলো ডটকমকে এসব কথা বলেন।

স্থানীয় সরকার সচিব বলেন, নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের অনুমোদন নিয়েই বিলবোর্ড লাগাতে হয়। কেউ যদি অনুমোদন না নিয়ে বিলবোর্ড লাগায়, তবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আবু আলম মো. শহিদ খান জানান, অবৈধ বিলবোর্ডের সংখ্যা কত এবং এর মালিক কারা—এ ব্যাপারে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পেলে ঈদের পর অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হবে।

সম্প্রতি নজিরবিহীনভাবে রাতারাতি ঢাকা শহরের বিলবোর্ডগুলো দখল হয়ে গেছে। এসব বিলবোর্ড ভাড়া নিয়ে এত দিন যেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারিত হয়ে আসছিল, সেগুলো ঢেকে ফেলে এখন শোভা পাচ্ছে সরকারের সাড়ে চার বছরের উন্নয়নের চিত্র।

বাংলাদেশ আউটডোর অ্যাডভারটাইজিং এস্টাবলিশমেন্ট অ্যাসোসিয়েশন ও বিলবোর্ড মালিক সমিতির নেতারা বলেন, প্রায় ২০০ বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার বিলবোর্ড দখল হয়ে গেছে।

বিলবোর্ডগুলো দখল হয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বিজ্ঞাপনী সংস্থাগুলো। বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও ঈদের আগে সেসব প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করা যাচ্ছে না।

গোটা ঢাকা শহর সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিজ্ঞাপনে ছেয়ে গেলেও কারা এটা করেছে, এ ব্যাপারে বিলবোর্ডগুলোতে কোনো তথ্য নেই। এত বড় একটি ঘটনার দায়িত্ব প্রকাশ্যে কেউ স্বীকার করছে না। আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায়ের কয়েক জনের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কিছু জানেন না বলে জানান। বিলবোর্ড নিয়ন্ত্রণকারী সংস্থা ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারাও কিছু বলতে পারেননি।