বিলবোর্ড নীতিমালা মানছেন না ক্ষমতাসীন দলের নেতারা!
চট্টগ্রাম সিটি করপোরেশনের বিলবোর্ড নীতিমালা মানছেন না ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা। তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠান নীতিমালা ভঙ্গ করে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিলবোর্ড স্থাপন করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন মৌসুমী বিলবোর্ড ব্যবসায়ীরাও। চট্টগ্রাম সিটি করপোরেশনের তৈরি করা একটি তালিকা থেকে এ কথা জানা গেছে।
সিটি করপোরেশনের তালিকায় দেখা যায়, নীতিমালা অমান্যকারীদের মধ্যে রয়েছেন নগর যুবলীগের আহ্বায়ক ও চিটাগং আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মহিউদ্দিন বাচ্চু, একই সংগঠনের সভাপতি ও নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, ছাত্রলীগের কর্মী সৌমেন বড়ুয়া ও জসিম উদ্দিন। তালিকায় উল্লেখ করা হয়, নীতিমালা না মেনে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ৪৩টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
সিটি করপোরেশনের সাইনবোর্ড স্থাপনের নীতিমালার ৪ ধারা অনুযায়ী, নগরে ২০ বাই ৪০ ফুট আকারের বেশি বিলবোর্ড স্থাপন করা যাবে না। সূত্র জানায়, নীতিমালা অমান্যকারীদের বিলবোর্ড সরিয়ে নিতে সাত দিন সময় বেঁধে দিয়ে গত ১০ মার্চ নোটিশ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়নি। সূত্র জানায়, সিটি করপোরেশনের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম পাঁচ মাস ধরে স্থবির হয়ে আছে। এই সুযোগে নগরের বিভিন্ন স্থানে অন্তত ১০০টি অবৈধ বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘নীতিমালা না মেনে বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের তালিকা করা হয়েছে। নীতিমালাবহির্ভূত এসব অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে তাদের নোটিশ দেওয়া হয়েছে। সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেব।’
তালিকা অনুযায়ী, যুবলীগের নেতা মহিউদ্দিন বাচ্চুর মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাডভেলি নীতিমালা না মেনে সর্বোচ্চ ১১টি বিলবোর্ড স্থাপন করেছে। এ ব্যাপারে বক্তব্য জানতে মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে গত শনি ও গতকাল মুঠোফোনেযোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
সিটি করপোরেশন সূত্র জানায়, যুবলীগের নেতা ফরিদ মাহমুদের মালিকানাধীন স্কাই আর্ট নগরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে নীতিমালাবহির্ভূতভাবে বিলবোর্ড স্থাপন করেছে। ফরিদ মাহমুদ বলেন, ‘আমি নিজেই বিলবোর্ড নীতিমালা কমিটির একজন সদস্য। নীতিমালার কপি পাইনি। যদি কোনো বিলবোর্ড নিয়ে করপোরেশনের আপত্তি থাকে তবে তা সরিয়ে নেওয়া হবে।’
তালিকা অনুযায়ী, ছাত্রলীগের নেতা সৌমেন বড়ুয়া নীতিমালাবহির্ভূতভাবে নগরের জিইসি মোড়ে স্থাপন করেছে একটি বিলবোর্ড। ছাত্রলীগের কর্মী মো. জসিমের দুটি অবৈধ বিলবোর্ড রয়েছে। সিটি করপোরেশনের লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদিউল আলমের ছেলে মোবারক উল্লাহর মালিকানাধীন এ বি করপোরেশন নীতিমালা ভঙ্গ করে লাগিয়েছে ছয়টি বিলবোর্ড। ছাত্রলীগের সাবেক কর্মী মোহাম্মদ হাফিজ উল্লাহ আমিনের প্রতিষ্ঠান ডিজিটাল কনসেপ্ট অ্যাড ম্যানেজমেন্ট নগরে চারটি বিলবোর্ড স্থাপন করেছে। ছাত্রলীগের আরেক সাবেক কর্মী মো. মুজিবুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউ অ্যাডওয়ের রয়েছে একটি অবৈধ বিলবোর্ড। এ ছাড়া মো. জুবের আলম গংয়ের মালিকানাধীন অ্যাডওয়ে পাবলিসিটির বিলবোর্ড রয়েছে নয়টি, আনিস নিয়ন সাইন ও রিচি আর্টের একটি করে এবং রফিকুল ইসলামের মালিকানাধীন নেপচুন অ্যাডভার্টাইজিং নীতিমালাবহির্ভূতভাবে দুটি করে বিলবোর্ড স্থাপন করেছে।
মুঠোফোনে বিলবোর্ড ব্যবসার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন ছাত্রলীগের কর্মী জসিম। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বলেন, ‘বেশ কিছু প্রতিষ্ঠান করপোরেশনের অনুমতি না নিয়ে ও নীতিমালা ভঙ্গ করে নগরের বিভিন্ন মোড়ে বিলবোর্ড স্থাপন করেছে। এসব বিলবোর্ড সরিয়ে নিতে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছে।’