গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক মাস আগে থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার ও রং-বেরঙয়ের পোস্টার সাঁটানো হয়। তফসিল ঘোষণার পর থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তা অপসারণ করা হয়নি।
গত বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ৬ জুলাই ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ জুন। বাছাই হবে ৯ ও ১০ জুন এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানানোর পোস্টার, স্টিকার, ব্যানার, প্রচারপত্র তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং দেয়াললিখন মুছে ফেলতে বলা হয়। ওই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট ব্যক্তি ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠানের ২১ দিন আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না।
শহরের জেলা প্রশাসন চত্বর এলাকায়, শিববাড়ি, চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, টঙ্গী, কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় দোয়া ও সালাম জানিয়ে সম্ভাব্য প্রার্থীদের বড় বড় বিলবোর্ড, ব্যানার ও পোস্টার দেখা গেছে। এ ছাড়া অনেক মেয়র ও কাউন্সিল পদপ্রার্থীর রঙিন ছবিসহ তোরণও দেখা দেছে। ভাওয়াল মির্জাপুর কলেজের শিক্ষক তৃপ্তি ঘোষ জানান, তফসিল ঘোষণার আগে থেকেই পাড়া-মহল্লাসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে শত শত বিলবোর্ড ও ব্যানার দেখা যাচ্ছে। নির্বাচনের বিধি লঙ্ঘনের পাশাপাশি এগুলো এলাকার সৌন্দর্যহানি ঘটাচ্ছে।
জুমার নামাজ শেষে প্রচারপত্র বিলি: মেয়র পদে সম্ভাব্য প্রার্থী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কর্মীরা শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদের সামনে প্রচারপত্র বিলি করেছেন। এ ছাড়া অনেক প্রার্থী মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে দোয়া ও ভোট চেয়েছেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানান, এখনো যাঁরা বিলবোর্ড, পোস্টার ও ব্যানার সরাননি, তাঁদের বিরুদ্ধে আজ শনিবার থেকে অভিযান চালানো হবে।