ঢাকা মহানগরের বিলবোর্ডগুলো সরকারই তার উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের জন্য নিয়েছিল। বোর্ডগুলোর মালিক, ব্যবহারকারী ও বরাদ্দপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করেই সাত দিনের জন্য সেগুলো নেওয়া হয়। এ জন্য তাঁদের টাকাও দেওয়া হবে।
গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নগরের প্রায় দুই হাজার বিলবোর্ড সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারে ব্যবহার করার বিষয়ে কেউই এত দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব স্বীকার করেননি। বোর্ডগুলোর মালিক, ব্যবহারকারী ও বরাদ্দপ্রাপ্তরাও কিছু জানেন না বলে তখন বলেছিলেন। গতকাল যোগাযোগ করা হলেও তাঁরা একই কথা বলেন।
তবে বিলবোর্ডগুলো গতকাল থেকে খালি করে দেওয়া শুরু হয়েছে। বোর্ডের মালিক, ব্যবহারকারী ও বরাদ্দপ্রাপ্তরাও এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মন্ত্রিসভার একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত রোববার দিবাগত রাত থেকে বিলবোর্ডগুলো থেকে সরকারি প্রচারপত্র নামিয়ে ফেলা শুরু হয়। গতকাল সকালেই বিষয়টি কয়েকজন মন্ত্রীর দৃষ্টিগোচর হয়। সেই সূত্র ধরে অনির্ধারিতভাবে মন্ত্রিসভায় প্রসঙ্গটি ওঠে।
বৈঠকে একজন প্রতিমন্ত্রী নিজের মতামত জানিয়ে বলেন, সমালোচনার ভয়ে সরকারি প্রচারপত্র নামিয়ে ফেলা ঠিক হবে না। সরকারের পূর্ণ মেয়াদ পর্যন্ত সেগুলো রাখা উচিত। প্রতিমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একজন মন্ত্রীও সহমত প্রকাশ করেন।
এ পর্যায়ে বৈঠকে জানানো হয়, এক সপ্তাহের জন্য টাকার বিনিময়ে বিলবোর্ডগুলো নেওয়া হয়েছিল। এখন সেগুলো খালি করে দেওয়া হচ্ছে। তবে এখন থেকে বিভিন্ন মন্ত্রণালয় শুধু ঢাকায় নয়, দেশের সর্বত্র বিলবোর্ড ভাড়া নিয়ে সরকারের উন্নয়নকাজের প্রচার চালাতে পারে।
বৈঠকের সূত্রগুলো জানায়, আলোচনায় কেউ কেউ এমনও বলেছেন, বিলবোর্ডে সরকারি প্রচারপত্র লাগানোর বিষয়টি নিয়ে গণমাধ্যমে লেখালেখি হওয়ায় তা অনেক বেশি মানুষের চোখে পড়েছে। অনেকে গাড়ি নিয়ে নগরের বিভিন্ন এলাকায় ঘুরে বিলবোর্ডে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার দেখেছেন বলেও দাবি করা হয়।
বিলবোর্ডে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার সম্পর্কে জানতে চাইলে একজন মন্ত্রী বলেন, সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে জানানোর জন্য তাঁরা বিলবোর্ড ব্যবহারের কথা ভাবছেন। অন্য দুই মন্ত্রী বলেন, তাঁরা শিগগিরই এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেবেন।
গতকাল সরেজমিনে দেখা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার বিলবোর্ড খালি করে দেওয়া হয়েছে। গুলিস্তান চত্বরে কেবল দুটি বিলবোর্ডে বিজ্ঞাপন দেখা গেছে। রূপসী বাংলা হোটেলের মোড়ে অর্ধেকের মতো বিলবোর্ড খালি করে দেওয়া হয়েছে। অন্যগুলোতে সরকারি বিজ্ঞাপন তখনো ছিল। তবে সোনারগাঁও হোটেল মোড়ের একটি বিলবোর্ডেও সরকারের ওই বিজ্ঞাপন ছিল না।
এ ছাড়া নগরের খামারবাড়ী, বিজয় সরণি, কাকরাইল মোড়, মগবাজার, গুলশান ও ধানমন্ডি এলাকায় বিলবোর্ড থেকে সরকারি বিজ্ঞাপন সরানোর কাজ শুরু হয়েছে। আজকালের মধ্যে সব বিলবোর্ড খালি করে দেওয়া হবে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।