বিলবোর্ডে উন্নয়ন, দায় স্বীকার করছে না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার পাশের বিলবোর্ডে এখন শোভা পাচ্ছে সরকারের সাড়ে চার বছরের উন্নয়নের চিত্র। অভিযোগ উঠেছে, যেসব প্রতিষ্ঠান বিলবোর্ড ভাড়া নিয়ে বিজ্ঞাপন প্রচার করছিল, সেগুলো ঢেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে। ছবিটি পরীবাগ এলাকা থেকে তোলা -প্রথম আলো
রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার পাশের বিলবোর্ডে এখন শোভা পাচ্ছে সরকারের সাড়ে চার বছরের উন্নয়নের চিত্র। অভিযোগ উঠেছে, যেসব প্রতিষ্ঠান বিলবোর্ড ভাড়া নিয়ে বিজ্ঞাপন প্রচার করছিল, সেগুলো ঢেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে। ছবিটি পরীবাগ এলাকা থেকে তোলা -প্রথম আলো

নজিরবিহীনভাবে রাতারাতি ঢাকা শহরের বিলবোর্ডগুলো দখল হয়ে গেছে। এসব বিলবোর্ড ভাড়া নিয়ে এত দিন যেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারিত হয়ে আসছিল, সেগুলো ঢেকে ফেলে এখন শোভা পাচ্ছে সরকারের সাড়ে চার বছরের উন্নয়নের চিত্র।
বাংলাদেশ আউটডোর অ্যাডভারটাইজিং এসটাবলিশমেন্ট অ্যাসোসিয়েশন ও বিলবোর্ড মালিক সমিতির নেতারা বলেছেন, প্রায় ২০০ বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার বিলবোর্ড দখল হয়ে গেছে।
বিলবোর্ডগুলো দখল হয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বিজ্ঞাপনী সংস্থাগুলো। বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও ঈদের আগে সেসব প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করা যাচ্ছে না।
প্রকাশ্যে দায় নিচ্ছেন না কেউ: গোটা ঢাকা শহর সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিজ্ঞাপনে ছেয়ে গেলেও কারা এটা করেছে, এ ব্যাপারে বিলবোর্ডগুলোতে কোনো তথ্য নেই। এত বড় একটি ঘটনার দায়িত্ব প্রকাশ্যে কেউ স্বীকার করছে না। আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কিছু জানেন না বলছেন। বিলবোর্ড নিয়ন্ত্রণকারী সংস্থা ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারাও কিছু বলতে পারেননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে সরকারের শীর্ষ পর্যায়ের একজন প্রথম আলোকে বলেন, ‘এই প্রচার আমরাই করছি।’ প্রচারের কাজটি কারা করছে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন লোকজন আছে। তারা এটা করেছে। দলের অঙ্গসংগঠনকেও কাজে লাগানো হয়েছে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রচার উপপরিষদ থেকে এটা করা হয়নি, তবে তাদের কিছু সহায়তা নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের সঙ্গে গত দুই দিনে কয়েক দফা যোগাযোগ করা হলে তিনি জানান, এটা দলের প্রচার বিভাগ বা প্রচার উপপরিষদ করেনি। কে করেছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সরকারের তরফ থেকে করা হলে বিজ্ঞাপনের নিচে লোগো থাকত। হয়তো ব্যক্তি পর্যায়ে এসব করা হচ্ছে। তবে ঈদের পর সরকারের তরফ থেকে প্রচারণা শুরু করা হবে। এ জন্য আপন নামে একটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে।’ এ ছাড়া সরকারের কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা বিষয়টি সম্পর্কে জ্ঞাত নন বলে জানান।

তবে কেউ স্বীকার না করলেও সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তেই এই প্রচারণা শুরু করা হয়েছে বলে কয়েকটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই বিলবোর্ড প্রচারণার নেপথ্যে সরকারের একটি প্রভাবশালী সংস্থাকে ব্যবহারের কথাও শোনা যাচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের প্রচার বিভাগের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিও এর সঙ্গে সম্পৃক্ত আছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগকে এ কাজে লাগানো হয়েছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কমপক্ষে দুই সপ্তাহ বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচার চলবে। পরে সেগুলো সরিয়ে ফেলা হবে।

বিলবোর্ডে বেনামী প্রচারণা সম্পর্কে না জানলেও গতকালই ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রচারের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিএনপির চোখে পড়ে না। তাই তাদের দেখানোর জন্য বিলবোর্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।’

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানীর মোড়ে মোড়ে স্থাপিত বিলবোর্ডগুলোতে বিষয়ভিত্তিক সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্ত তুলে ধরা হয়েছে। প্রতিটি বিলবোর্ডে ‘উন্নয়নের অঙ্গীকার, ধারাবাহিকতা দরকার...’ লিখে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে। অর্থাৎ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষার জন্য এই সরকারকে আবার ক্ষমতায় আনার অনুরোধ করা হয়েছে।

শাহবাগ, বিজয় সরণি, ধানমন্ডি ২৭, মগবাজার, হোটেল সোনারগাঁও মোড়, আগারগাঁও মোড়, উত্তরা, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় অসংখ্য ডিজিটাল ব্যানার বিলবোর্ডগুলোতে সাঁটিয়ে দেওয়া হয়েছে, যেখানে আগে অন্যান্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ছিল। শিক্ষা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, কূটনৈতিক, পোশাকশিল্প, অবাধ তথ্যপ্রবাহ, জনশক্তিসহ বিভিন্ন বিষয়ের প্রচারণা রয়েছে এসব ব্যানারে। প্রতিটি ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি শোভা পাচ্ছে। বনানী ডিওএইচএস থেকে মহাখালী পর্যন্তই বিলবোর্ড আছে ২৬টি। এভাবে বিভিন্ন এলাকায় বিলবোর্ড আছে।

গ্রামীণফোন, ইউনিলিভারসহ বেশ কিছু বড় কোম্পানির বিজ্ঞাপনও ঢেকে ফেলা হয়েছে। লালমাটিয়া, পল্টন মোড় ও নীলক্ষেত মোড়ে প্রথম আলোর তিনটি নতুন প্রচারাভিযানের প্রিন্টের ওপর সরকারের উন্নয়নচিত্র তুলে ধরা হয়েছে। সূত্রমতে, গ্রামীণফোনের বেশ কয়েকটি বিজ্ঞাপন ঢেকে ফেলা হয়েছে। তবে এই প্রতিষ্ঠান প্রতি মাসে তদারকির মাধ্যমে দেখে তাদের কতগুলো বিজ্ঞাপন আছে। সেটি এখনো দেখা হয়নি। দেখার পর প্রকৃত সংখ্যা জানা যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উত্তরা থেকে শুরু করে বনানী, ফার্মগেট, শাহবাগ থেকে মতিঝিল—ব্যস্ততম সব জায়গায় বিলবোর্ড দখল হয়ে গেছে। এর বেশির ভাগই সিটি করপোরেশনের বিলবোর্ড।

ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান, যারা এই বোর্ডগুলো আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে, তারা ফোন করে বলছে, ‘বিলবোর্ডে আমাদের প্রিন্ট কোথায়? আমরা এত কিছু বুঝি না। আমাদের কোম্পানির বিজ্ঞাপন না ঝুললে আপনারা টাকা পাবেন না। তাই ঈদের আগে কর্মচারীদের বেতন দিতে পারছি না।’

জানতে চাইলে বিলবোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. রাশেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কিছু না জানিয়েই এসব করা হয়েছে। তাই খুবই সমস্যায় আছি। কারণ যাদের সঙ্গে চুক্তি করা হয়েছে, তারা চাপ দিচ্ছে। এতে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা বলেন, ‘এই ব্যবসায় আমি ৪২ বছর ধরে আছি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আমি এর আগে দেখিনি। জাতীয় কোনো ব্যাপার হলে যেমন বিশ্বকাপ, বিজয় দিবসে আমাদের বললে আমরা এমনিতেই বোর্ড দিয়ে দিই। কিন্তু এভাবে না বলে দখল করে নেওয়াটা আগে হয়নি কখনো।’

ঢাকার দুই সিটি করপোরেশনের অধীন প্রায় এক হাজার ২০০ বৈধ বিলবোর্ড আছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন আছে ৫০৩টি। পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন অনেক বিলবোর্ড রয়েছে। সব মিলিয়ে তিন হাজারেরও বেশি বিলবোর্ড আছে। বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ইজারা নিয়ে বিজ্ঞাপনের জন্য এগুলো ভাড়া নিয়ে থাকে। কিন্তু ভাড়া করা এসব বিলবোর্ড দখল হয়ে যাওয়ায় এবার ঈদের আগে বিজ্ঞাপনী সংস্থাগুলো তাদের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করতে পারছে না। এসব বিজ্ঞাপনের মানও ভালো না।

এভাবে বিজ্ঞাপন দখল হয়ে যাওয়া সম্পর্কে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ নজমুল ইসলাম বলেন, ‘আমাদের অধীনে ৫০৩টি বিলবোর্ড আছে। এগুলো আমরা বিভিন্ন বিজ্ঞাপনী কোম্পানির কাছে ভাড়া দিয়েছি। তারা যাকে খুশি তাকে সেগুলো ভাড়া দিতে পারে। শুধু রাষ্ট্রবিরোধী কিছু না হলেই হলো। সুতরাং আমরা তো ভাড়া পাচ্ছি। তবে এসব বিলবোর্ডের বাইরেও অবৈধ বিলবোর্ড আছে কি না, তা দেখার জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটি ঈদের পর সরেজমিনে দেখে উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

বিভিন্ন বিলবোর্ড নিয়মিত ভাড়া নেন এমন বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তারা বলেছেন, বিলবোর্ড বেদখল হওয়ায় মাসে তাঁদের আনুমানিক এক কোটি ২৫ লাখ টাকার ক্ষতি গুনতে হবে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো বলেছে, তাঁরা ছয় মাস কিংবা এক বছরের জন্য ভাড়া নেন এবং আগাম টাকা পরিশোধ করেন।

একটি বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী বলেন, ‘ঢাকা শহরের কমপক্ষে ৮৫ শতাংশ বোর্ড দখল হয়ে গেছে। আর দখল হয়েছে বড় কোম্পানির ভালো বোর্ডগুলো। আমাদের গ্রাহক কোম্পানির সঙ্গে লিখিত চুক্তি আছে, তাদের বিজ্ঞাপন ৩৬৫ দিন প্রদর্শিত হতে হবে। সে ক্ষেত্রে এক দিনের হেরফের হলেই বিল আটকে দেয় তারা। এই অবস্থায় বিলবোর্ড বেদখল হয়ে গেলে, সে ক্ষেত্রে আমরা টাকা পাবই না।’