বিলবোর্ডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
রাজধানীর বিজয় সরণি এলাকায় গত শনিবার রাতে বিলবোর্ডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। নিহত দুই ব্যক্তি হলেন মিজানুর রহমান (৩৯) ও তাঁর সহযোগী ইকবাল হোসেন (২৫)। পুলিশ রাতে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গাজীপুরের জয়দেবপুরে সততা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন নিহত মিজানুর রহমান। ওই প্রতিষ্ঠানে চাকরি করতেন নিহত ইকবাল। প্রতিষ্ঠানটির মাধ্যমে তাঁরা বিভিন্ন জায়গায় বিলবোর্ড স্থাপন ও মেরামতের কাজ করতেন। শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিজয় সরণিতে তাঁরা একটি বিলবোর্ড ঠিক করতে ওপরে ওঠেন। বিলবোর্ডের পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে তাঁরা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। তাঁদের লাশ বিলবোর্ডে ঝুলে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
মিজানুরের চাচাতো ভাই ফয়সাল জানান, মিজানুর তিন সন্তানের জনক। তাঁর স্ত্রী-সন্তানেরা নোয়াখালীতে গ্রামের বাড়িতে থাকেন। আগে সৌদি আরবে থাকতেন মিজানুর। বছর তিনেক আগে দেশে ফিরে বিলবোর্ডের ব্যবসা শুরু করেন।
নিহত ইকবালের চাচাতো ভাই জাকির হোসেন জানান, ইকবালের গ্রামের বাড়িও নোয়াখালীতে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, জানা গেছে, সিটি করপোরেশনের পক্ষ থেকে বিলবোর্ড ঠিক করানোর জন্য ওই দুজনকে নিয়ে আসা হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে শানু বেগম (৪০) নামের এক নারী আহত হন। বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই নারীর ডান পা প্রায় বিচ্ছিন্ন ছিল। ডান হাত ও মুখমণ্ডল ছিল থেঁতলানো।
ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া সোহরাব হোসেন নামের যুবক সাংবাদিকদের জানান, কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রেন বেলা ১১টার দিকে বিমানবন্দর স্টেশনে থামে। কিছুক্ষণ পর ট্রেনটি ছেড়ে দিলে ওই নারী দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টাকালে নিচে পড়ে যান। এতে তাঁর ডান পা ট্রেনের নিচে চলে যায়। তিনি ওই নারীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান।