বিলবোর্ডে চত্বর আড়াল, দুর্ঘটনার আশঙ্কা
পাবনার বেড়া ও কাশীনাথপুর বাসস্ট্যান্ডের চৌরাস্তার মোড়ে গোল চত্বর নির্মাণ করা হয়েছিল সৌন্দর্য বৃদ্ধি ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করার উদ্দেশ্যে। কিন্তু বিলবোর্ড ও ব্যানারে চত্বর দুটি এখন আড়ালে পড়ে গেছে। এ কারণে যানবাহনের চালকেরা অন্য পাশের গাড়ি দেখতে পান না। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া উপজেলায় বেড়া ও কাশীনাথপুর বাসস্ট্যান্ড। দুটি গোল চত্বরের পাশ দিয়ে অগণিত যানবাহন চলাচল করে। স্ট্যান্ড দুটির চৌরাস্তার মোড়ে বছর তিনেক আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চত্বর নির্মাণ করে। কিন্তু নির্মাণের পর থেকেই চত্বর দুটিতে নানা ধরনের ব্যানার টাঙানোর পাশাপাশি বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। অনেক লোক এলাকাবাসী ও দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে নিজের ছবিসংবলিত ‘শুভেচ্ছা’ বিলবোর্ড স্থাপন অথবা ব্যানার টাঙাচ্ছেন। এ ছাড়া কিন্ডারগার্টেন, স্কুল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিলবোর্ড ও ব্যানার রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বেশি বিলবোর্ড ও ব্যানার রয়েছে বেড়া বাসস্ট্যান্ডের গোলচত্বরে। সেখানে বিলবোর্ড ও ব্যানারে পুরো চত্বরই ঢাকা পড়ে গেছে। এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না।
বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লার ট্রাকচালক জানে আলম প্রথম আলোকে বলেন, ‘বিলবোর্ড ও ব্যানারের কারণে আমরা অন্য পাশের যানবাহন দেখতে পাই না। পথচারীরাও ঠিকমতো যানবাহন দেখতে পান না। এ কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে।’
মনজুর কাদের মহিলা কলেজের শিক্ষক আবদুল খালেক বলেন, বেড়া বাসস্ট্যান্ডের চত্বরে বিলবোর্ড ও ব্যানারগুলো এত ঠাসাঠাসি করে রয়েছে যে অন্য পাশের যানবাহন ঠিকমতো নজরে আসে না।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইজ উদ্দিন বলেন, ‘যানবাহনের চালকদের খুবই সমস্যা হচ্ছে। এ কারণে বেড়া ও কাশীনাথপুরের গোল চত্বরের বিলবোর্ড ও ব্যানারগুলোর শিগগির অপসারণ চাই আমরা।’
সওজ বিভাগের পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, ‘এসব বিলবোর্ড ও ব্যানারের কারণে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সওজের পক্ষ থেকে আমরা প্রায়ই এগুলো অপসারণ করে থাকি। এরপর কিছুদিন যেতে না-যেতেই আবারও নতুন করে লাগানো হয়। আসলে সবার মধ্যে সচেতনতা তৈরি না হলে এ সমস্যা থেকে পুরোপুরি রেহাই মিলবে না। এ ব্যাপারে সওজের পক্ষ থেকে আমরা সবার সহযোগিতা কামনা করছি।’