বিলবোর্ডে নির্বাচনী আমেজ!
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকলেও চট্টগ্রাম নগরের বিলবোর্ডগুলোতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আওয়ামী লীগের পক্ষেই চলছে এসব প্রচারণা।
কেউ দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন, কেউ আবার পছন্দের প্রার্থীকে আগামী নির্বাচনে মনোনয়ন দিতে ‘অনুরোধ’ জানিয়েছেন। অনেকে আবার সদ্যঘোষিত নগর আওয়ামী লীগ কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ব্যবহার করেছেন বিলবোর্ড।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট, প্রবর্তক মোড়, ষোলশহর, বহদ্দারহাট, অক্সিজেন মোড়, জামালখান, ওয়াসা মোড়, টাইগারপাস মোড়, আন্দরকিল্লা, লালদীঘি মাঠ ও ফিরিঙ্গিবাজার এলাকার বিভিন্ন বিলবোর্ডে মহাজোট সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি নতুন কমিটির শীর্ষ নেতাদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতারা। এসব বিলবোর্ডে আগে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন প্রদর্শিত হতো।
এ ধরনের প্রচারণা প্রসঙ্গে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘কমিশন বলছে, যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা হবে, সেদিন থেকে তারা ব্যবস্থা নেবে। কিন্তু আমি মনে করি, ২৭ অক্টোবর থেকে নির্বাচনী ক্ষণ গণনা শুরু হয়েছে। তখন থেকেই এই ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধে কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল আলম মহাজোট সরকারের উন্নয়ন ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রবর্তক মোড়, জামালখান, আন্দরকিল্লা, লালদীঘি ও ফিরিঙ্গীবাজার এলাকায় বিলবোর্ডে প্রচারণা চালাচ্ছেন।
এ প্রসঙ্গে জহিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘৮-১০টি বিলবোর্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন প্রচার করছি। যেখানে-সেখানে বিলবোর্ড না লাগানোর জন্য আমার সমর্থকদের বলে দিয়েছি।’
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল আলম।
এদিকে কোথাও কোথাও স্থানীয় আওয়ামী লীগের কোনো কোনো নেতার প্রার্থিতার প্রচারণা চলছে। নগরের ওয়াসা মোড়, ২ নম্বর গেটসহ বিভিন্ন এলাকায় যুবলীগের চট্টগ্রাম নগর শাখার আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুকে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে প্রার্থী করার অনুরোধ জানিয়ে বিলবোর্ড টাঙিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
জানতে চাইলে মহিউদ্দিন বাচ্চু প্রথম আলোকে বলেন, ‘যুবকর্মীরা আমাকে পছন্দ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী এই যুবকর্মীরা তাঁদের ব্যক্তিগত আবেগ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিলবোর্ডের মাধ্যমে।’
নির্বাচনী প্রচারণার পাশাপাশি থেমে নেই নেতাদের ব্যক্তিগত প্রচারণাও। স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা অপেক্ষাকৃত বড় নেতাদের অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানোর জন্য বিলবোর্ড ব্যবহার করছেন।
সদ্যঘোষিত নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির, সাংগঠনিক সম্পাদক ও করপোরেশনের প্যানেল মেয়র হাসান মোহাম্মদ হাসনীকে আন্দরকিল্লা ও জামালখান এলাকার বিভিন্ন বিলবোর্ডের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সরকারি কমার্স কলেজের সাবেক সভাপতি হেলাল উদ্দিন। ২ নম্বর গেট এলাকায় বিলবোর্ডে ব্যানার টাঙিয়েছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম ওরফে রনি।
ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের পাশাপাশি এ ধরনের প্রচারণা চালাচ্ছেন মহিলা লীগ, আওয়ামী লীগের বিদেশ শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও। নতুন নগর কমিটি ঘোষণার পরদিন থেকেই তাঁরা এই প্রচারণা শুরু করেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পণ্যে প্রসার ও প্রচারণার জন্য সীমিত আকারে বিলবোর্ড ব্যবহার করা হয়। এখানে কেউ যদি রাজনৈতিক প্রচার চালান, তাহলে বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করবে।