বিলবোর্ডে বনমন্ত্রীর উন্নয়ন প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিবেশ ও বনমন্ত্রীর উন্নয়ন প্রচারণায় বিলবোর্ড টাঙানো হয়েছে। গত আট-নয় মাস আগেই বিলবোর্ড টাঙিয়ে উন্নয়ন প্রচারণা শুরু করেন তিনি। যা নিয়ে মানুষের মধ্যে চলছে নানা প্রতিক্রিয়া। রাঙ্গুনিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী জানান, রাঙ্গুনিয়ার সন্তান হাছান মাহমুদ ২০০৯ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পরে পরিবেশ ও বনমন্ত্রী হয়ে রাঙ্গুনিয়ায় যেসব উন্নয়ন করেছেন, মানুষ তা আগে কখনো দেখেনি। পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামের জরিপ আলী (৬৬) বলেন, পদুয়া ইউনিয়নে ৫২ কোটি টাকারও বেশি উন্নয়ন হিসাব লিখে বিলবোর্ড টাঙানো হয়েছে। কিন্তু শিলক খালের ওপর নির্মাণ করা হয়েছে ৮০ লাখ টাকায় একটি সেতু। দেড় কোটি টাকা ব্যয়ে অন্য সেতুটি নির্মাণাধীন। অথচ ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কালিন্দারানী সড়ক, খুরুশিয়া-দারিকেপ সড়ক ও হরিহর সড়ক খুঁড়ে চার বছর ধরে ফেলে রাখা হয়েছে। ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে আরও বহু সড়ক। তিনি বলেন, পরিবেশ ও বনমন্ত্রীর ভাই এরশাদ মাহমুদ সংরক্ষিত বনের জমি দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ, গাছ উজাড়, চাচাতো ভাই মুরাদ হোসেনের করাতকল স্থাপন, খাল থেকে বালু তুলে বিক্রি, মদ পাচার, পাহাড় কাটা, ইটভাটা নির্মাণসহ নিকটাত্মীয় ও দলের দুষ্কৃতকারীরা যেভাবে দখলবাজি, চাঁদাবাজি ও নিপীড়ন চালিয়েছে, ইউনিয়নের মানুষ তাতে ক্ষিপ্ত। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুচ তালুকদার বলেন, মরিয়মনগর ও পারুয়া ডিসি সড়ক, রাঙ্গুনিয়া কলেজ রোড নির্মাণের এক বছরের মাথায় ফের আগের মতো হয়ে গেছে। পোমরা বেতাগি সড়ক দিয়ে পায়ে হাঁটা দায়। প্রতিশ্রুতি দিয়েও গত পাঁচ বছরে বেতাগি সড়ক সংস্কার করা হয়নি। টিআর-কাবিখার তিন হাজার প্রকল্পের মধ্যে দুই হাজার ৫০০ প্রকল্পের কোনো অস্তিত্বই নেই। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এ প্রসঙ্গে বলেন, ভাইজান (সাকা চৌধুরী) রাঙ্গুনিয়ায় ১৫ বছর সাংসদ ছিলেন। মন্ত্রীও হয়েছেন। কিন্তু কোনো উন্নয়ন করেননি। গত পাঁচ বছরে রাঙ্গুনিয়ায় যা উন্নয়ন হয়েছে, তা ৪০ বছরেও হয়নি। উন্নয়নের এ হিসাব বিলবোর্ডে লেখা রয়েছে। আপনারা এসব পড়বেন। আর নির্বাচনে আমার জন্য দরজাটা খোলা রাখবেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ নুরুল আলম তালুকদার বলেন, গত পাঁচ বছরে মানুষের পিঠে যা মারা হয়েছে, তা উন্নয়নের চেয়ে বহু গুণ বেশি। এ ব্যথা কয়েক যুগেও যাবে না।