বিলবোর্ডে সরকারের উন্নয়নের ফিরিস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড় ও সড়কের পাশে বিলবোর্ডে শোভা পাচ্ছে আওয়ামী লীগের উন্নয়নের ফিরিস্তি। এতে বঙ্গবন্ধু ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। কয়েক দিন ধরে এসব বিলবোর্ড লাগানো হচ্ছে। যুবলীগ ও ছাত্রলীগ এই কাজ করছে বলে জানা গেছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা এ বিষয়ে কিছু জানেন না। জানতে চাইলে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বিলবোর্ডে আওয়ামী লীগের উন্নয়নের যে ফিরিস্তি তুলে ধরা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কারা এ কাণ্ড ঘটিয়েছেন, সেটাও আমি জানি না। সাংবাদিক হিসেবে এটা খুঁজে বের করার দায়িত্ব তোমার।’ নগরের জিইসি মোড়, অক্সিজেন, বহদ্দারহাট, ওয়াসা, লালখানবাজার, আগ্রাবাদ, খুলশীসহ বিস্তীর্ণ এলাকায় আওয়ামী লীগের পৌনে পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। এতে ঢেকে গেছে অনেক কোম্পানির বিজ্ঞাপনী প্রচার। জানতে চাইলে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু প্রথম আলোকে বলেন, ‘আমরা নিজ উদ্যোগে আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরেছি। এতে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচারণা ঢেকে দেওয়া হয়নি। আমাদের ইজারা নেওয়া বিলবোর্ডগুলো কেবল ব্যবহার করা হয়েছে।’ মহিউদ্দিন বাচ্চু আরও বলেন, নির্দিষ্ট সময়ের পর বিলবোর্ড থেকে প্রচারণা সরিয়ে নেওয়া হবে। কারণ, এগুলো তো বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য লাগানো হয়েছে।