বিলবোর্ডের খরচের উৎস জানতে চায় বিএনপি
বিলবোর্ড তৈরি ও টাঙাতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি এই টাকার উৎস সরকারের কাছে জানতে চেয়েছেন।
আজ মঙ্গলবার তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার’ বন্ধের দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার বিলবোর্ডের খরচের এই উৎসের কথা জানতে চান।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, আইনের তোয়াক্কা না করে সারা দেশে বাণিজ্যিক বিলবোর্ডের মাধ্যমে মিথ্যাচার করছে সরকার ও আওয়ামী লীগ। তিনি বলেন, ভাড়া না দিয়ে দখল করা এ বিলবোর্ডে ভোট আসবে না।
এম কে আনোয়ার বলেন, ‘শেষ মুহূর্তে সরকার অস্ত্র হিসেবে বিলবোর্ড দখল করেছে। একটি বিলবোর্ডও আইন মেনে লাগানো হয়নি। সরকারের অর্থনৈতিক সমীক্ষায় শিক্ষার হার ৫৯.৯ শতাংশ হলেও বিলবোর্ডে মিথ্যাচার করে ৬৫ শতাংশ দেখানো হয়েছে। দ্রব্যমূল্যের কোনো বিলবোর্ড চোখে পড়েনি। কারণ, এ সরকারের মেয়াদে দ্রব্যমূল্য দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। সার ও খাদ্য নিয়ে বিলবোর্ডে মিথ্যাচার করা হয়েছে।’ তিনি বলেন, ‘বিলবোর্ড দখল করা হলেও ভাড়া দেওয়া হয়নি। বিলবোর্ডে আইনের শাসনের কথা বলা হয়েছে, অথচ বিলবোর্ড দখল করা হয়েছে, যা বেআইনি।’