বিলবোর্ড-ব্যানার অপসারণে ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বিলবোর্ড ও ব্যানার অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। গতকাল মঙ্গলবার গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৩০টি সাইনবোর্ড অপসারণ করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে দুটি হোটেলকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান শরীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গুলশান এলাকার রাস্তার দুপাশের অবৈধ সাইনবোর্ড ও বিলবোর্ড এবং ফুটপাতের বেশ কিছু অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। গুলশান অ্যাভিনিউসহ গুলশান-২-এ অবস্থিত ছোট-বড় ৩০টির বেশি সাইনবোর্ড অপসারণ করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ২টি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
জানতে চাইলে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অবৈধ ও বেআইনিভাবে স্থাপিত সাইনবোর্ড, পোস্টার, ব্যানার অপসারণে নিয়মিত অভিযান চালানো হবে। ওয়ার্ডভিত্তিক এই অভিযান চলবে। এই অভিযানে ফুটপাত দখলমুক্ত করতে বেশি জোর দেওয়া হবে।
চার বছর আগে হাইকোর্টের এক আদেশে বিভিন্ন ব্যক্তিগত ও পাবলিক স্থাপনায় অবৈধ ও বেআইনিভাবে স্থাপিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, দেয়াললিখনসহ সব প্রচারণার উপকরণ অপসারণে ঢাকা সিটি করপোরেশনকে (উত্তর ও দক্ষিণ) সময় দেওয়া হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে গত ১৪ আগস্ট হাইকোর্ট আরেক আদেশে ঢাকার দুই সিটি করপোরেশন অননুমোদিত পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াললিখন ও প্রচারণার অন্যান্য উপকরণ অপসারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, তা জানতে চান। দুই সিটি করপোরেশন গত ২৩ আগস্ট এই বিষয়ে বাস্তবায়নের তথ্য জমা দেয়।