বিলম্বিত তদন্তে হতাশা সন্তান-সহকর্মীদের
‘হত্যাকাণ্ডের এক বছর হয়ে গেল। কিন্তু দৃশ্যত কোনো অগ্রগতি দেখতে পাইনি। এই এক বছর আমার কাছে শুধু ৩৬৫ দিন নয়। কারণ, আমার যা ছিল সব বাবা-ই। আমি তো আশা করবই, বিচারটা দেখব। এক বছরের অগ্রগতি নিয়ে আমি অত্যন্ত হতাশ।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামের হত্যাকাণ্ডের এক বছর পূর্তিতে আয়োজিত প্রতিবাদ র্যা লি শেষে এভাবেই নিজের হতাশার কথা বলছিলেন তাঁর একমাত্র ছেলে সৌমিন শাহরিদ।
অধ্যাপক শফিউল হত্যার বিচার দাবিতে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে প্রতিবাদ র্যা লি বের করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সিনেট ভবন চত্বর থেকে র্যা লিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম বলেন, ‘এক বছরেও হত্যাকাণ্ডের অভিযোগপত্র দেওয়া হয়নি। এত দিনেও হত্যাকাণ্ডের বিচারে অগ্রগতি না হওয়া হতাশার। আমরা আশা করতে চাই, শিশু রাজন-রাকিব হত্যা মামলার মতো দ্রুততম সময়ে আমরা ন্যায়বিচার পাব।’ সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম বক্তৃতা করেন।
সমাবেশ শেষে সৌমিন শাহরিদ প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো আশা করি দ্রুত বাবার হত্যার বিচার পাব। কিন্তু কোনো অগ্রগতি না থাকায় হতাশ হচ্ছি।’
গত বছরের ১৫ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হন শফিউল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক বলেন, মামলার তদন্ত প্রায় শেষের দিকে। এ মাসের মধ্যেই অভিযোগপত্র দাখিল করা হতে পারে।