চলতি মাসের শেষ দিকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার ফলাফল ঘোষিত হওয়ার কথা। কিন্তু হরতাল-অবরোধের কারণে চট্টগ্রাম নগরের বাইরের বিভিন্ন উপজেলায় ধর্ম বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের জন্য সময়মতো পাঠানো যায়নি।
গতকাল ধর্ম বিষয়ের প্রায় সোয়া লাখ উত্তরপত্র পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে। ৬ ডিসেম্বর ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে ধর্ম বিষয়ের উত্তরপত্রগুলো পাঠাতে বিলম্ব হয়েছিল। গতকাল শুক্রবার সব উত্তরপত্র বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে।
নিয়মানুযায়ী পিএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন অথবা মানবণ্টনের জন্য এক উপজেলার অধীনে অনুষ্ঠিত পরীক্ষার্থীদের উত্তরপত্র দূরবর্তী উপজেলায় পাঠানো হয়। নগরের ছয়টি থানাসহ ১৪ উপজেলা রয়েছে চট্টগ্রাম জেলার অধীনে। নগরের ছয়টি থানার মধ্যে রয়েছে পাহাড়তলী, ডবলমুরিং, বন্দর, পাঁচলাইশ, চান্দগাঁও ও কোতোয়ালি।