জেদ্দা বিমানবন্দরে হাজিদের ১০ থেকে ১৪ ঘণ্টার ভোগান্তি
বিলম্বের চক্রে বিমানের ফিরতি হজ ফ্ল্যাইট
ফিরতি হজ ফ্লাইট পরিচালনায় বিলম্বের চক্কর থেকে বেরোতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একেকটি ফ্লাইট দুই থেকে ছয় ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে। জেদ্দা বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষাকালে হাজিদের দুর্ভোগে পড়তে হচ্ছে বলে ইতিমধ্যে দেশে ফিরে আসা হাজিদের অনেকে অভিযোগ করেন।
গত শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরে আসা জামালপুরের মো. আবদুল করিম প্রথম আলোকে বলেন, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের আট ঘণ্টা আগে তাঁদের বিমানবন্দরে আনা হয়। ফ্লাইট (বিজি ৪০১৪) ছাড়ার কথা ছিল সৌদি সময় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটায়। কিন্তু ছাড়ে আরও ছয় ঘণ্টা পর। তাঁদের বিমানবন্দরে থাকতে হয় ১৪ ঘণ্টা। তারও আগে মক্কায় মোয়াল্লেম কার্যালয়ে হাজির হতে হয়েছে। সেখানে আনুষ্ঠানিকতা সারতে লাগে এক ঘণ্টা। এরপর মক্কা থেকে জেদ্দা বিমানবন্দর পর্যন্ত সড়কপথে দুই ঘণ্টার যাত্রা। এই ১৭ ঘণ্টার ঝক্কি-ঝামেলায় ক্লান্ত হয়ে পড়েন। বয়স্ক হাজিরা মেঝেতে শুয়ে পড়েন। তিনি জানান, হাজিদের যেখানে অপেক্ষমাণ রাখা হয়, সেখানে শীততাপ-নিয়ন্ত্রণব্যবস্থা নেই। প্রচণ্ড গরম। অনেকের কাছে টাকা ছিল না। এত লম্বা সময় বিমানবন্দরে থাকতে হবে, তাও জানতেন না। এ অবস্থায় খাওয়ার কষ্টও পোহাতে হয়েছে অনেককে।
আবদুল করিম জানান, জেদ্দা বিমানবন্দরে বিমানের কাউন্টার থেকে বোর্ডিং পাস নেওয়ার পর তাঁরা কোন গেটে কোন সারিতে অভিবাসন-প্রক্রিয়া (ইমিগ্রেশন) সম্পন্ন করবেন, বাংলাদেশ বিমানের কাউন্টার থেকে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, প্রথমে বলা হয় ১৩ নম্বর গেটের ‘ডি’ কাউন্টারে যেতে। সেখানে যাওয়ার পর জানা গেল ভুল হয়েছে। এরপর বিমানের কর্মীরা ১৩ নম্বর গেটে ‘ই’ সারিতে যেতে বলেন। কিছুক্ষণ পর বলা হলো ৯ নম্বর গেটে যেতে, তারপর বলা হলো ৮ গেটে। এভাবে ৪১৯ জন যাত্রী এক লাইন থেকে আরেক লাইনে দৌড়াদৌড়ি করতে থাকলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ কারণে সৌদি পুলিশের দুর্ব্যবহারের শিকারও হতে হয়েছে।
বিমান কর্তৃপক্ষ এবার হাজিদের মালামাল পৌঁছানোর জন্য বেসরকারি একটি কোম্পানিকে নিয়োগ দিয়েছে। তারা মক্কায় প্যালেস্টাইন হোটেলের সামনে লাগেজ গ্রহণ করে। হজ করে ফেরা একজন সরকারি কর্মকর্তা প্রথম আলোকে জানান, বড় গ্রুপের হাজিদের লাগেজ পৌঁছানোর জন্য গাড়ি পাওয়া যায়। কিন্তু ছোট গ্রুপের জন্য গাড়ির ব্যবস্থা নেই। এই এক-দেড় কিলোমিটার পথের জন্য সেখানে ট্যাক্সি বা কুলি পাওয়া যায় না। হাজিদের মাথায় করে লাগেজ সেখানে পৌঁছাতে হয়। এটা বিরাট কষ্টকর।
আরেকজন সরকারি কর্মকর্তা অভিযোগ করেন, যাওয়ার সময় বিমান কর্তৃপক্ষ লিখিতভাবে বলেছিল যে ঢাকায় ফেরার পর প্রত্যেক হাজিকে ১০ লিটার করে জমজমের পানি দেওয়া হবে, তাই আলাদা করে কাউকে জমজমের পানি আনার দরকার নেই। কিন্তু ফেরার পর এখন দেওয়া হচ্ছে পাঁচ লিটার পানি।
এ ছাড়া ফ্লাইট বিলম্বিত হলে সেটাও ঠিকভাবে যাত্রীদের জানানো হয় না বলে অনেক হাজি অভিযোগ করেছেন। তাঁরা বলেন, কাউন্টারে বোর্ডিং পাস নেওয়ার সময় বিমানকর্মীরা বলেন যে ফ্লাইট ছাড়তে দেরি হবে। কিন্তু কতক্ষণ দেরি, সেটা নির্দিষ্ট করে বলতে পারেন না।
বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট উড্ডয়ন করে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর। এরপর সৌদি সময় বৃহস্পতিবার রাত ১১টায় যে ফ্লাইট ছাড়ার কথা, সেটি ছাড়ে চার ঘণ্টা পর। রাত সোয়া তিনটার ফ্লাইট ছাড়ে ছয় ঘণ্টা পর। শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম ফ্লাইটও ছেড়েছে সোয়া দুই ঘণ্টা দেরিতে। গতকাল শনিবারও কোনো ফ্লাইট নির্ধারিত সময়ে উড়তে পারেনি।
বিমানের কর্মকর্তারা দাবি করছেন, উড়োজাহাজ-সংকট বা কারিগরি কোনো কারণে ফ্লাইট বিলম্বিত হচ্ছে না। জেদ্দা বিমানবন্দরে সারা দুনিয়ার হজযাত্রীদের যে চাপ, তা সামলাতে সব কটি বিমান সংস্থাকে হিমশিম খেতে হচ্ছে।
বিমানের কাউন্টার থেকে সঠিক তথ্য না পাওয়াসহ অন্যান্য অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, এমনটা হওয়ার কথা নয়। তার পরও বিষয়টি দেখা হচ্ছে। তিনি জানান, ফিরতি হজ ফ্লাইট তদারকির জন্য বিমানের দুজন পরিচালকসহ প্রায় ৮০ কর্মী সৌদি আরবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার : প্রথম ফিরতি হজ ফ্লাইট উড্ডয়ন করে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর। এর পরেরটিও ছাড়ে চার ঘণ্টা পর। রাত সোয়া তিনটার ফ্লাইট ছাড়ে ছয় ঘণ্টা পর।
শুক্রবার : প্রথম ফ্লাইট ছেড়েছে সোয়া দুই ঘণ্টা দেরিতে।
শনিবার: কোনো ফ্লাইট নির্ধারিত সময়ে উড়তে পারেনি।