বিলম্বের দায় সরকারকে নিতে হবে: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে বিলম্বের দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সংগঠনের চলমান অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে টানা চার দিন ধরে এ অবস্থান কর্মসূচি চলছে। বেলা ১১টা থেকে শুরু হয়ে অবস্থান কর্মসূচি রাত পর্যন্ত চলে। গতকাল বিকেল পাঁচটার দিকে মঞ্চের কর্মী-সংগঠকদের একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে শাহবাগে পৌঁছে শেষ হয়। পরে ইমরান এইচ সরকার রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী রিভিউ খারিজ হওয়ার পর রায় কার্যকরের দায়িত্ব সরকারের। কারণ, যুদ্ধাপরাধ আইন অনুযায়ী যেহেতু জেলকোডের বিধান কামারুজ্জামানের জন্য প্রযোজ্য নয়, সেহেতু তা তার পাওয়ারও অধিকার নেই। আইনজীবীদের দেখা করার কাজও শেষ হয়েছে। এখন রায় কার্যকরে বিলম্ব হলে তার দায়দায়িত্বও সরকারকেই নিতে হবে।
ইমরান এইচ সরকার বলেন, ‘রায় কার্যকর নিয়ে যে কালক্ষেপণ করা হচ্ছে তার কারণে বিদেশি লবিস্ট সংস্থাগুলো নানা রকম বিবৃতি দেওয়ার সুযোগ পাচ্ছে। কেন এই রায় কার্যকরে বিলম্ব হচ্ছে, আমাদের কাছে তা সমীচীন মনে হয়নি। এর মানে হচ্ছে জামায়াত-শিবির সংগঠিত হয়ে দেশে নাশকতা সৃষ্টির সুযোগ করে দেওয়া।’
অবস্থান কর্মসূচিতে ‘ফাঁসি নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘উইকেট নম্বর দুই, কামারুজ্জামান তুই’, ‘রাজাকারের আস্তানা, বাংলাদেশে হবে না’ প্রভৃতি স্লোগান দেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।