বিলাইছড়ি বন কর্মকর্তা ও গ্রামপ্রধানের হামলায় একজন গুরুতর আহত
রাঙামাটির বিলাইছড়িতে বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গ্রামপ্রধানের হামলায় বানপুত তঞ্চঙ্গ্যা (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বানপুত তঞ্চঙ্গ্যার বড় ভাই নিমো তঞ্চঙ্গ্যা অভিযোগ করেন, বন বিভাগের তক্তানালা বিট কর্মকর্তা উজ্জ্বল চন্দ্র চাকমা ও স্থানীয় গ্রামের প্রধান সানু চাকমা কার্বারি গত রোববার সন্ধ্যার দিকে ফারুয়া ইউনিয়নের উলুছড়ি মাঠকুমড়া গ্রামে যান। তাঁরা স্থানীয় গ্রামের বাসিন্দা বানপুত তঞ্চঙ্গ্যাকে গাছ চোর বলে অভিযুক্ত করেন। কিন্তু বানপুত নিজেকে নির্দোষ বলে দাবি করে বন বিভাগের লোকজনের সহায়তায় কার্বারির লোকজন গাছ চুরি করে বলে পাল্টা অভিযোগ করেন। এ সময় বিট কর্মকর্তা ও কার্বারিসহ লোকজন তাঁকে বেদম মারধর করেন। সন্ধ্যা সাড়ে আটটার দিকে গ্রামের লোকজন বানুপত তঞ্চঙ্গ্যাকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আশীষ তঞ্চঙ্গ্যা বানপুত তঞ্চঙ্গ্যাকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। আহত ব্যক্তির বড়ভাই নিমো তঞ্চঙ্গ্যা এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান। বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জন কুমার পাল বিট কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে বানপুত তঞ্চঙ্গ্যাকে মারধরের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত শেষে মামলা গ্রহণ করা হবে বলে জানান।