বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এক সপ্তাহ বিদ্যুৎবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সদরের একাংশ এক সপ্তাহ ধরে বিদ্যুৎবিহীন রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা।অপর দিকে ট্রান্সফরমার মেরামতের জন্য গ্রাহকদের কাছ থেকে মিটারপ্রতি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় গ্রাহকেরা জানান, গত শুক্রবার উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৮০ পরিবারের মানুষ ভোগান্তিতে পড়েন। খবর দেওয়ার পর কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থেকে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে ট্রান্সফরমারটি নিয়ে যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া সদর ইউনিয়নের ধোপ্যাচরের বাসিন্দা নোয়ারাম তঞ্চঙ্গ্যা (৮০) বলেন, ‘আমি হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। এখন প্রচণ্ড গরমে হাতপাখা একমাত্র সম্বল।’কেংড়াচড়ি ইউনিয়নের কেরংছড়ি থেকে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন কল্পরঞ্জন চাকমা (২৪)। তিনি বলেন, রাতে প্রচণ্ড ‘গরমের মাঝেরাতে কেউ মোমবাতি, বাড়ি থেকে আনা হারিকেন ও কুপিবাতি জ্বালিয়ে বসে থাকি।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নীতিশ চাকমা বলেন, হাসপাতালের মতো একটি জায়গায় বিদ্যুৎ না থাকলে যে কী ভোগান্তি, তা বলে বোঝানো সম্ভব নয়।বিলাইছড়ি উপজেলায় বিদ্যুৎ বিতরণ বিভাগের কোনো জনবল নেই বলে জানা গেছে। কাপ্তাই উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের মাধ্যমে বিলাইছড়ি উপজেলার বিদ্যুৎ বিতরণের কাজ চালানো হয়। গ্রাহকদের অভিযোগ, এর আগেও ট্রান্সফরমারটি কয়েকবার নষ্ট হয়েছিল। প্রতিবারই মেরামতের নামে গ্রাহকদের কাছ থেকে মিটারপ্রতি টাকা নেওয়া হয়। এবারও মিটারপ্রতি গ্রাহকদের ২৫০ থেকে ৫০০ টাকা করে দিতে হচ্ছে। গ্রাহক সঞ্চয় তালুকদার জানান, আগে দুবার তাঁকে এক হাজার টাকা করে দিতে হয়েছিল। এবারও নির্ধারিত টাকা দিতে হচ্ছে।বিদ্যুৎ বিতরণ বিভাগের চন্দ্রঘোনা কার্যালয়ের আবাসিক প্রকৌশলী প্রদীপ সাহা বিলাইছড়ি উপজেলায় বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী না থাকার কথা স্বীকার করে বলেন, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ চলে প্রকল্পের মাধ্যমে, সে কারণে সেখানে নির্দিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারী পদায়ন করা হয়নি। তিনি আরও বলেন, ট্রান্সফরমারটি এ পর্যন্ত তিনবার নষ্ট হয়েছে। এটির আর ধারণক্ষমতা নেই।মিটারপ্রতি টাকা আদায়ের বিষয়টি অস্বীকার করে প্রদীপ সাহা বলেন, ‘কাপ্তাই হ্রদের পানি নিচে নেমে যাওয়ায় ট্রান্সফরমারটি শ্রমিকের মাধ্যমে বহন করতে হয়েছে। এ ছাড়া প্রথমে ট্রলার ও পরে গাড়িতে করে ট্রান্সফরমারটি চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। সে খরচের টাকা আমাদের বরাদ্দ নেই। তাই গ্রাহদের খরচ বহনের জন্য বলা হয়েছে।’