বিলাইছড়িতে হরতাল চলাকালে বৌদ্ধবিহার ভাঙচুরের অভিযোগ
গতকাল শনিবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেঙেরাছড়ি ইউনিয়ন ও কাপ্তাই উপজেলার একটি অংশে বাঙালিদের ডাকা হরতাল চলাকালে বিদর্শন ভাবনা কেন্দ্র নামের একটি বৌদ্ধবিহার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসন ও পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।গত বৃহস্পতিবার রাতে কাপ্তাই উপজেলা ও বিলাইছড়ি উপজেলার মাঝামাঝি হরিণছড়া এলাকায় শাহ আলম (৪০) নামের এক ব্যক্তি নিজের আগরবাগানে খুন হন। শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর প্রতিবাদে বাঙালিরা গতকাল হরতালের ডাক দেন। নিহত শাহ আলম বিলাইছড়ি উপজেলার কেঙেরাছড়ি ইউনিয়নের সেটেলার পাড়ার মৃত আতাব আলীর ছেলে।কেঙেরাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য মিলন তঞ্চঙ্গ্যা অভিযোগ করেন, সকাল সাড়ে আটটা-নয়টার দিকে কেঙেরাছড়ি বাজার থেকে দুটি ইঞ্জিনচালিত দেশীয় নৌকায় (ট্রলার) করে প্রায় ২০-২৫ জন বাঙালি ধারালো অস্ত্র নিয়ে বারুদগোলা মৌজার টিলাছড়া এলাকায় যান। সেখানে বৌদ্ধবিহার ও দুটি বাড়িতে হামলা চালান। তাঁরা বিদর্শন ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহারের ভেতর ঢুকে বুদ্ধমূর্তিসহ আসবাব ও সোলার প্যানেল ভাঙচুর, বিহারের বাঁশের বেড়া কেটে দেয় ও বিভিন্ন সামগ্রী লুটপাট করেন। পরে পাশের দুটি বাড়িতেও একইভাবে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় বিহারের বৌদ্ধসাধকেরা ও এলাকার নারী-পুরুষ পালিয়ে যাওয়ায় অল্পের জন্য হামলা থেকে রক্ষা পান।এরপর আরও সাতটি ট্রলারে করে গাছকাটাছড়া থেকে শতাধিক বাঙালি সেখানে যান। তবে তাঁরা হামলায় অংশ নেননি। পরে ১০ থেকে ১৫টি ট্রলার দিয়ে বিলাইছড়ি-কাপ্তাই নৌরুটে আদিবাসীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেন। ফলে ওই রুটে বেলা তিনটা পর্যন্ত কোনো নৌযান চলেনি।ঘটনার খবর পেয়ে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, বিলাইছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর শফি, কাপ্তাই ও বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী, মো. আরিফুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও বৌদ্ধসাধকেরা (ভিক্ষু) ঘটনাস্থল পরিদর্শন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক বলেন, ‘এলাকা এখন শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সবাইকে নিয়ে সভা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানিয়েছি।’বিলাইছড়ি থানার ওসি আরিফুজ্জামান জানান, ভাবনা কেন্দ্র ও বাড়ি ভাঙচুরের ঘটনা সত্য। তবে যে এলাকায় ঘটনাটি ঘটেছে, তা কাপ্তাই থানার অধীন। মামলা হলে সেখানেই হবে।কাপ্তাই থানার ওসি ইউসুফ সিদ্দিকী জানান, শাহ আলম হত্যা ও বৌদ্ধবিহার ভাঙচুরের ঘটনার ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।