বিলাতি গাবের জার্মপ্লাজম নির্বাচন
খাগড়াছড়ির রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা কয়েক বছর গবেষণার পর বাছাই পদ্ধতির মাধ্যমে বিলাতি গাবের একটি ভালো জার্মপ্লাজম নির্বাচন করেছেন। গবেষকেরা আশা করছেন, শিগগিরই এটি বিলাতি গাব-১ জাত হিসেবে অবমুক্তি পাবে।গবেষকেরা জানান, এই জাতের প্রতিটি গাছে প্রায় ৫০০ গাব ধরে এবং প্রতিটি ফলের ওজন ২৫০-৫০০ গ্রাম। এর বীজ খুবই ছোট এবং কোনো কোনো ফলে বীজ থাকেই না। ফলের রং উজ্জ্বল লালচে। এর ভক্ষণযোগ্য অংশ ৭৫ শতাংশ এবং মিষ্টতা ১৫ শতাংশ। বিলাতি গাবের সুবিধা হলো এটি অতি সহজে জন্মে ও খুবই কষ্টসহিষ্ণু। যেকোনো মাটিতে এর চাষ করা যায়। গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মু. জুলফিকার আলী জানান, কয়েক বছর ধরে কেন্দ্রের বেশ কয়েকটি গাছ পর্যাপ্ত ফল দিচ্ছে। এই ফল দেশি গাবের চেয়ে বড়, হূৎপিণ্ডাকার, মিষ্টি ও ত্বক খসখসে। গাবগাছ বহুদিন বাঁচে এবং ফল দেয়। সাত-আট বছর বয়স হতে গাছ স্বাভাবিক ফলন দিতে শুরু করে।