পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে গত জুলাই মাসে রামনাবাদ নদের অস্বাভাবিক জোয়ারের তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ১৫টি গ্রামের সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অন্তত ১০ গ্রামের বিভিন্ন সড়ক বিলীন হয়ে যায়। আজ পর্যন্ত ওই সব সড়ক নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে গ্রামগুলোর হাজার হাজার মানুষ।
লালুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, জোয়ারের চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ১০টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাঁচ কিলোমিটার পাকা ও পাঁচ কিলোমিটার কাঁচা রাস্তা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ কিলোমিটার কাঁচা রাস্তা।
সরেজমিনে দেখা গেছে, লালুয়ার চাড়িপাড়া গ্রামে যাওয়ার ইট বিছানো সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। কিছু অংশ পানিতে বিলীন হয়ে গেছে। এসব অংশে সাঁকো তৈরি করে লোকজন চলাচল করছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা। ভাঙা ও বিলীন হওয়া কাঁচা-পাকা রাস্তা দিয়ে শিক্ষার্থীদের প্রতিদিন চলাচল করতে হয়। রাস্তা ভালো না থাকায় স্থানীয় বাসিন্দাদের অনেকে নৌকায় চলাচল করছেন। চাড়িপাড়া, দক্ষিণ চাড়িপাড়া, নাওয়াপাড়া, চৌধুরীপাড়া, মুন্সিপাড়া, ছোট পাঁচনং, বড় পাঁচনং, কলাউপাড়া, পশুরবুনিয়া ও নবগ্রাম ঘুরেও একই ধরনের দৃশ্য দেখা গেছে।
চাড়িপাড়া গ্রামের কৃষক মো. ফোরকান বলেন, ‘আমাগো রাস্তাঘাটসহ গ্রামের জীবনযাত্রার বেহাল দশার দিকে কারও কোনো খেয়াল নাই। আড়াই মাস ধইর্যা মোরার এই কষ্ট।’ চৌধুরীপাড়া গ্রামের আলম হাওলাদার বলেন, ‘জোয়ারের পানির তোড়ে রাস্তাঘাট ভাইঙ্গা শ্যাষ অইয়া গ্যাছে। ঘর দিয়া নাইম্যা বাজারে-দুয়ারে যাইতে কষ্টের শ্যাষ নাই। ভাঙ্গা রাস্তাঘাট কি এই রহমই থাকবে?’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তারিকুজ্জামান বলেন, ‘আমরা অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা চালু রাখতে ভাঙা রাস্তার বিভিন্ন জায়গায় ইটভর্তি বস্তা, কোথাও কোথাও মাটি ফেলেছি। এ ছাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভেঙে যাওয়া রাস্তার বিভিন্ন অংশে সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। এতে মানুষজন কোনো রকমে চলাফেরা করতে পারছে।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) যোগাযোগ করে হাওলা গ্রাম থেকে নাওয়াপাড়া এবং নয়াকাটা গ্রাম থেকে রহিমুদ্দিন স্কুল পর্যন্ত রাস্তা দুটি মেরামত করে দেওয়ার জন্য প্রকল্প জমা দিয়েছি।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী প্রণব কুমার সরকার বলেন, ‘আপাতত আমাদের হাতে কোনো উন্নয়ন প্রকল্প নেই। তার পরও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটগুলো কীভাবে সংস্কার করা যায়, তার চিন্তাভাবনা করছি।’