মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ চত্বর, স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা সদরের বিভিন্ন স্থাপনা এবং চারটি ইউনিয়ন ও পৌরসভার বিস্তীর্ণ এলাকা বিলীন হচ্ছে।ইতিমধ্যে (গত এক দশকে) এসব এলাকার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান, চারটি বাজার, বসতবাড়িসহ ৩০ বর্গকিলোমিটার এলাকা বিলীন হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে সরকারিভাবে কোনেম উদ্যোগ গ্রহণ না করায় উপজেলার বিভিন্ন এলাকায় মেঘনার ভাঙন-তাণ্ডবে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙনের এমন পরিস্থিতিতে মেঘনা নদী উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাত্র এক-দেড় শ গজের মধ্যে চলে এসেছে। পূর্ব চর আলেকজান্ডার গ্রামের স্কুলশিক্ষক কামরুল ইসলাম বলেন, তাঁর কর্মস্থল মধ্য-পূর্ব আলেকজান্ডার রেজিস্ট্রি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বসতবাড়ি মেঘনার ভাঙনে বিলীন হয়েছে। নতুন করে বসতবাড়ি নির্মাণের সামর্থ্য না থাকায় এখন তিনি পরিবার-পরিজন নিয়ে এক আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকছেন।উপজেলা পরিষদ এলাকাসংলগ্ন মৌলভীকান্দির আবদুল খালেক বলেন, শত বছরের পৈতৃক বসতভিটা দুই মাস আগে মেঘনার ভাঙনে বিলীন হয়েছে। একইভাবে এক সপ্তাহের মধ্যে তাঁদের পুরো পাড়াটি মেঘনায় ধসে পড়েছে।‘সবাই মিলে নদী বাঁধ’ কমিটির আহ্বায়ক রামগতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বলেন, এলাকাবাসীর উদ্যোগে বাঁধ নির্মাণ করে ভাঙনরোধে চেষ্টা করা হচ্ছে। তবে কূলঘেঁষা তীব্র স্রোত আর জোয়ারের পানির তোড়ে এলাকাবাসীর ওই উদ্যোগটুকু (বাঁধটি) টিকছে না। এ ক্ষেত্রে একই সঙ্গে পাশাপাশি আরও কয়েকটি বাঁধ নির্মাণ করা গেলে ভাঙন প্রতিরোধে জন-উদ্যোগের অনেকখানি সফলতা পাওয়া যেত। এ জন্য অনেক টাকা দরকার। কিন্তু স্থানীয় উদ্যোগে এত টাকা এবং কারিগরি সহায়তার ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠছে না। তিনি দাবি করেন, স্থানীয় উদ্যোগ এবং সরকারি সহায়তা একত্রে চালাতে পারলে মেঘনার ভয়াবহ ভাঙন থেকে এ এলাকা রক্ষা করা সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল আমিন বলেন, মেঘনার ভাঙন প্রতিরোধ অথবা উপজেলা পরিষদ স্থানান্তর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েক দফা আবেদন করা হয়েছে। রামগতিতে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শাহজাহান জানান, ভাঙন থেকে রামগতি ও কমলনগর উপজেলাকে রক্ষা করার জন্য ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ এবং সিসি ব্লগ বসানোর জন্য ৬৫০ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।এ ছাড়া রামগতি উপজেলা পরিষদ রক্ষার জন্য ২৪ কোটি টাকা ব্যয়ে দেড় কিলোমিটার এলাকায় ব্লগ বাঁধ নির্মাণের পৃথক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।