বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে বিলীন হচ্ছে সরকারের ১২ কোটি টাকায় নির্মিত কক্সবাজারের কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎকেন্দ্রটি। ইতিমধ্যে খোলা মাঠে স্থাপিত বায়ুকল পাখা ভেঙে গেছে। জোয়ারের ধাক্কায় কয়েকটি খুঁটি হেলে পড়েছে। স্থানীয় লোকজন জানান, জরুরি ভিত্তিতে কেন্দ্রের সামনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভাঙা বেড়িবাঁধ মেরামত করা না হলে কেন্দ্রটি সাগরগর্ভে হারিয়ে যাবে। এক হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি স্থাপন করে প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) তত্ত্বাবধানে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এই উপজেলার (কুতুবদিয়া) আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর গ্রামে দেশের প্রথম (পাইলট প্রকল্প) বায়ুবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হয়। ২০০৮ সালের ১৫ মার্চ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এরপর ১৪ এপ্রিল ৬০০ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ (সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত) দেওয়া হয়। একই বছরের ১৪ জুলাই ঘূর্ণিঝড় আইলার আঘাতে বেড়িবাঁধ ভেঙে গেলে কেন্দ্রটি ঝুঁকির মুখে পড়ে। আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ চৌধুরী বলেন, তখন থেকে ওই ভাঙা বাঁধ আর নির্মাণ করা সম্ভব হয়নি। যন্ত্র নষ্ট হওয়ায় বিদ্যুৎ উৎপাদনও বন্ধ থাকে। গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, প্রায় এক কিলোমিটার লম্বা ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বায়ুবিদ্যুৎকেন্দ্রের পাশে (খোলা মাঠে) স্থাপিত ৪০টির বেশি বায়ুকল খুঁটি লোনা পানিতে মরিচা ধরেছে। কয়েকটি খুঁটি হেলে পড়েছে। অধিকাংশ খুঁটির মাথায় বাঁধা পাখা ভেঙে পড়ে গেছে। বায়ুবিদ্যুৎকেন্দ্রটিও বন্ধ রয়েছে।বিউবো কুতুবদিয়া উপজেলা আবাসিক প্রকৌশলী ইলিয়াছ মাহমুদ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বায়ুবিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রয়েছে। কেন্দ্রটি মেরামত করার জন্য বিউবো কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দীন বলেন, বায়ুবিদ্যুৎকেন্দ্রের সামনে ভাঙা বেড়িবাঁধ নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরে প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ঠিকাদারের অনিয়ম ও অবহেলার কারণে বাঁধটি নির্মাণ সম্ভব হয়নি। এখন ওই ঠিকাদারের চুক্তিপত্র বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। দ্রুততম সময়ের মধ্যে ভাঙা বেড়িবাঁধের নির্মাণকাজ শুরু করা হবে। তখন বায়ুবিদ্যুৎকেন্দ্রটি ঝুঁকিমুক্ত হবে।