বিলীন হচ্ছে জাতীয় উদ্যান
বন বিভাগের কুয়াকাটা সমুদ্রসৈকতলাগোয়া জাতীয় উদ্যানটি সাগরে বিলীন হতে চলেছে। ইতিমধ্যে উদ্যানের দক্ষিণাংশের কিছু জমি সাগরে বিলীন হয়েছে; বেশ কিছু গাছ ঢেউয়ের ঝাপটায় বিধ্বস্ত হয়েছে। সাগরের ভাঙনের হাত থেকে উদ্যানটি রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া না হলে এ বছরই এর এক-তৃতীয়াংশ বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বঙ্গোপসাগরের ঢেউয়ের ঝাপটায় ইতিমধ্যে উদ্যানের দক্ষিণাংশের ঝাউবনের একটি বিরাট অংশ সাগরে বিলীন হয়েছে। এ অংশে দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ ও হাঁটার পথ ছিল। যে গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে, তার অধিকাংশেরই গোড়ার মাটি সরে শিকড় ও মূল বের হয়ে গেছে; কিছু গাছ কাত হয়ে পড়েছে। গোড়ার মাটি সরে যাওয়ায় অনেক গাছ মরে গেছে। ঢেউয়ের চাপ অব্যাহত থাকলে অল্প কয়েক দিনের মধ্যে উপড়ে পড়তে পারে এ অংশের পাশ দিয়ে টানা বিদ্যুতের খুঁটিগুলো। কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা মহিবুল হাওলাদার বলেন, ‘এ বছরই বাগানডা বেশি ভাইঙ্গা গ্যাছে। জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেলে এই বাগানের মূল্যবান সব গাছ উপড়াইয়া পড়বে।’ এখান থেকে কমপক্ষে দেড় শ ফুট জায়গা সাগরে বিলীন হয়েছে বলে তিনি জানান। কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পূর্বে এক হাজার ৬১৩ হেক্টর জমিতে এই উদ্যান। ২০০৫-০৬ অর্থবছরে দুই কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ করা হয়। চারদলীয় জোট সরকারের সময় ‘ইকোপার্ক’ নামে পার্কটি স্থাপন করা হলেও ২০১০ সালে এর নামকরণ হয়েছে ‘জাতীয় উদ্যান’। জীববৈচিত্র্য রক্ষায় পার্ক এলাকায় নারকেল, ঝাউ, আমলকী, অর্জুন, জারুল, হিজল, চালিতা, পেয়ারা, জাম, হরীতকী, কাঠবাদাম, মহুয়া, কামিনী, লালকরমচা, পলাশসহ বিভিন্ন প্রজাতির ৪২ হাজার গাছের চারা লাগিয়ে এর সৌন্দর্যবর্ধন করা হয়েছে। সিডর ও আইলায়ও এ উদ্যানের ব্যাপক ক্ষতি হয়েছিল। বন বিভাগের কুয়াকাটা কার্যালয় সূত্রে জানা যায়, ইতিমধ্যে সাগরের ঢেউয়ের ঝাপটায় এ উদ্যানের আট হাজার ঝাউগাছ বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত সাত হাজার ঝাউগাছ। ঝুঁকির মধ্যে আছে ঝাউবাগানের সঙ্গে আকাশমনি, নারকেল, কড়ই, সোনালু প্রজাতির পাঁচ হাজার গাছ। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক আহমেদ রেজা খান বলেন, ‘কুয়াকাটার বাড়তি আকর্ষণ এই উদ্যান। পর্যটকদের কাছে এই উদ্যানটি অতি প্রিয়। এমন আকর্ষণীয় স্থান নষ্ট হয়ে গেলে কুয়াকাটারই সৌন্দর্যহানি ঘটবে।’ কুয়াকাটার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খোন্দকার ইয়াকুব আলী বলেন, ‘আবহাওয়ার বিরূপ প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় বিগত বছরের চেয়ে এ বছর উদ্যানের দক্ষিণাংশ বেশি ভেঙেছে; যা নিয়ে আমরাও শঙ্কিত। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ইতিমধ্যে পটুয়াখালী জেলা বন কর্মকর্তা ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে গেছেন।’