বিলীন হচ্ছে মেরিন ড্রাইভ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের পাশ ঘেঁষে তৈরি মেরিন ড্রাইভ সড়ক পূর্ণিমার জোয়ার ও জলোচ্ছ্বাসে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে, কক্সবাজার শহরের কলাতলী থেকে হিমছড়ি পর্যন্ত সড়কের পাঁচ কিলোমিটার এলাকা পড়েছে চরম ঝুঁকির মুখে।যেকোনো মুহূর্তে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তখন পর্যটনকেন্দ্র দরিয়ানগর, হিমছড়ি, প্যাচারদিয়া, ইনানী পাথুরে সৈকতে সরাসরি যেতে পারবে না পর্যটকেরা। বন্ধ হয়ে যাবে সারা দেশে চিংড়ি পোনা পরিবহন।সংশ্লিষ্ট সূত্র জানায়, মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক সুদৃঢ়, পর্যটনশিল্পের বিকাশ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত দেখার সুযোগ, প্রাকৃতিক সম্পদ আহরণ ও পরিবহন এবং বিকল্প সড়ক হিসেবে ব্যবহারের লক্ষ্যে মেরিন ড্রাইভ সড়ক প্রকল্প হাতে নেয় সরকার। কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৮৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণের জন্য ১৯৯২-৯৩ অর্থবছরে শত কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয়। ২০০৭-০৮ অর্থবছর পর্যন্ত উখিয়ার ইনানী পর্যন্ত ৪৮ কিলোমিটারব্যাপী পাকা সড়ক নির্মিত হয়। সড়কটি নির্মাণ করে সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি)। কিন্তু ২০১১-১২ অর্থবছরে সড়কটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেনি সরকার। এতে দিন দিন সমুদ্রে বিলীন হচ্ছে সড়কটি। ইতিমধ্যে হিমছড়ির বাট্টু মিয়ার খামারের দুটি মৎস্য প্রকল্প, পাঁচ শতাধিক নারিকেল ও কয়েক হাজার ঝাউগাছ সমুদ্রে তলিয়ে গেছে।গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সরেজমিন গিয়ে দেখা গেছে, জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভ সড়কটি ভাঙছে। বিশেষ করে, সড়কের কক্সবাজার অংশের কলাতলী, দরিয়ানগর, আদর্শগ্রাম, বড়ছড়া, হিমছড়ি, তিন ডেইঙ্গা, ওয়াঝর্না, বাট্টু মিয়ার খামার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার চরম ঝুঁকির মুখে পড়েছে। পার্শ্ববর্তী ১৭ ইসিবি সেনাসদস্যরা সড়কের পাশে জিওটেক্স (বিশেষ ধরনের বাঁধ) দিয়ে সমুদ্রের কবল থেকে সড়কটি রক্ষার চেষ্টা চালাচ্ছেন।হিমছড়ির বাসিন্দা নজরুল ইসলাম বলেন, গত ৫০-৬০ বছরে সাগরের এই আগ্রাসী মনোভাব দেখা যায়নি। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে সাত-আট ফুট উচ্চতায় বেড়ে উপকূলে আছড়ে পড়ছে। এতে মেরিন ড্রাইভ সড়কের অংশবিশেষসহ কয়েকটি গ্রাম বিলীন হচ্ছে।১৭ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিদ্দিক মোহাম্মদ জুলফিকার রহমান প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের সামুদ্রিক জলোচ্ছ্বাসে মেরিন ড্রাইভ সড়কের প্রায় পাঁচ কিলোমিটারে তীব্র ভাঙন দেখা দিচ্ছে। এর মধ্যে সড়কের ১০-১২টি পয়েন্টে ভাঙন তীব্র হচ্ছে। সেনাসদস্যরা রাতদিন নানাভাবে চেষ্টা করেও সড়কটি রক্ষা করতে পারছেন না।এক প্রশ্নের জবাবে কর্নেল জুলফিকার জানান, সড়কটির রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষা বাঁধ তৈরির জন্য কোনো টাকা বরাদ্দ করা হয়নি। সেনাসদস্যরা নিজেদের উদ্যোগে সড়কটি চলাচল উপযোগী রেখেছেন। কিন্তু আসন্ন বর্ষার আগে সড়কের পাশে প্রতিরক্ষাবলয় তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পেলে যেকোনো মুহূর্তে সড়কটি সাগরগর্ভে তলিয়ে যেতে পারে। বন্ধ হয়ে যেতে পারে সড়ক যোগাযোগ।সড়কটির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন চিংড়ি পোনা উৎপাদনের হ্যাচারি মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) মহাসচিব রইচ উদ্দিন। তিনি বলেন, মেরিন ড্রাইভ সড়ককে কেন্দ্র করে ইতিমধ্যে হাজার কোটি টাকা বিনিয়োগ করে কলাতলী, সোনারপাড়া, ইনানী, টেকনাফ সমুদ্র উপকূলে ৫৬টি হ্যাচারি স্থাপিত হয়েছে। এসব হ্যাচারিতে উৎপাদিত চিংড়ি পোনা মেরিন ড্রাইভ সড়ক দিয়ে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। তা দিয়ে খুলনা, সাতক্ষীরাসহ দেশের দেড় লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটি ভাঙলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন হ্যাচারির মালিকেরা। এতে সারা দেশে চিংড়ি চাষও ব্যাহত হবে।কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, মেরিন ড্রাইভ সড়ক চালু হওয়ার পর অনেকে সড়কের পাশে হোটেল-মোটেল, কটেজ, রেস্টহাউস, বাংলো নির্মাণ করছেন। সড়কটি ভাঙলে পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব পড়বে।মেরিন ড্রাইভ সড়ক রক্ষার্থে আসন্ন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। তিনি বলেন, কক্সবাজার থেকে প্রতিবছর সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি রাজস্ব দেওয়া হলেও কক্সবাজারের উন্নয়নে তেমন বরাদ্দ থাকে না।