
দুই দশক আগে নির্মিত খুলনা শহর রক্ষা বাঁধটি এখন ভাঙনের কবলে পড়েছে। দীর্ঘদিন মেরামত না হওয়ায় বাঁধের অনেক স্থানে ব্লক সরে গেছে, কোথাও দেবে গেছে, অনেক স্থানে বাঁধে ফাটল দেখা দিয়েছে, কোনো কোনো অংশ বিলীন হয়ে গেছে।
নগরের বড়বাজার, জেলখানা ঘাট ও রুজভেল্ট জেটি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বাঁধ নির্মাণের পর দীর্ঘদিন হলেও কোনো মেরামতকাজ হয়নি। আর সে কারণে শহর রক্ষা বাঁধটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। এরই মধ্যে কয়েকটি স্থান থেকে ব্লক চুরি হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, জেলখানা ঘাট এলাকা, জেনারেল হাসপাতাল থেকে বড়বাজার কালীবাড়ি পর্যন্ত বাঁধের অনেক ব্লক স্থানচ্যুত হয়ে গেছে। রুজভেল্ট জেটি এলাকায় অনেক ব্লক দেবে গেছে। ডেল্টা ঘাটসহ আশপাশের কয়েকটি স্থানের ব্লক স্থানচ্যুত হয়ে দেবে গেছে এবং বাঁধে ফাটল ধরেছে। বড়বাজার, জেলখানা ঘাট ও রুজভেল্ট জেটি এলাকায় বাঁধ বিলীন হয়ে গেছে।
বাজার এলাকার বাসিন্দা মনিরুল শেখ বলেন, ‘দীর্ঘদিন বাঁধে কোনো সংস্কারকাজ করা হয়নি। এ বছর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাতে কখন যে বাঁধ ভেঙে শহর তলিয়ে যায়, তার ঠিক নেই।’
খুলনা নাগরিক কমিটির চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, ‘দীর্ঘদিন থেকে শহর রক্ষা বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। নদীতে পানির চাপ বাড়ছে। যেকোনো সময় এ বাঁধ ভেঙে শহর তলিয়ে যেতে পারে। বাঁধ সংস্কারে যারা সংশ্লিষ্ট, তারা এত দিন সরকারের টাকা খেয়ে বসে আছে। আমরা এটি সংস্কারের জন্য দীর্ঘদিন থেকে দাবি করে আসছি।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খুলনা-২ কার্যালয় থেকে জানা গেছে, ১৯৯২-৯৩ অর্থবছরে এডিবির অর্থায়নে ‘সেকেন্ডারি টাউন ইন্টিগ্রেটেড ফ্লাড প্রটেকশন’ প্রকল্পের আওতায় পাঁচ বছর মেয়াদে খুলনা শহর রক্ষা বাঁধের কাজ শুরু হয়। পরে সময়সীমা বাড়িয়ে ২০০০ সালের জুনে কাজ শেষ করা হয়। প্রকল্পে মোট ব্যয় হয় ৬৫ কোটি ২৯ লাখ ৫৮ হাজার টাকা। ১০টি প্যাকেজে ভৈরব নদের সাড়ে তিন কিলোমিটার তীর সংরক্ষণের কাজ করা হয়। নদীর তীরে সিমেন্ট, বালু ও পাথর দিয়ে তৈরি ব্লক ফেলা হয়।
জানা যায়, পরে বাঁধ মেরামতের জন্য ২০১১ সালের নভেম্বর মাসে জলবায়ু ট্রাস্ট ফান্ডের সম্ভব্য অর্থায়নে ২২ কোটি ১৯ লাখ টাকার একটি প্রকল্প পাউবোর প্রধান কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু ওই প্রকল্প আজও আলোর মুখ দেখেনি।
পাউবো খুলনা-২ (রক্ষাবেক্ষণ ও পরিচালনা)-এর নির্বাহী মুজিবুর রহমান বলেন, ‘আগস্টে আমাদের কাছে বাঁধ সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ চাওয়া হবে। তখন আমরা এই প্রকল্পের কথা বলব। তা ছাড়া বাঁধ সংস্কারের জন্য যে পরিমাণ অর্থ চাওয়া হয়, বরাদ্দ পাওয়া যায় খুব সামান্য। সেটা আবার বাকিও থাকে। ফলে কাজ করা খুব সমস্যা হয়ে পড়ে।’