বিলীনের পথে গাজীরহাট বাজার
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন ও খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী গাজীরহাট বাজার ও এর আশপাশের এলাকা আত্রাই নদীর ভাঙনে বিলীন হতে চলেছে। ভাঙন প্রতিরোধে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের ভাঙনে বাজারের কমপক্ষে ১০০টি ব্যবসাপ্রতিষ্ঠান, ছয়টি পাটের গুদাম, চালকল, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। বাজারসংলগ্ন হামিদপুর ইনিয়নের রামানন্দপুর গ্রামের অর্ধেক বিলীন হওয়ায় গ্রামের ৭০টি পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। হারিয়ে গেছে ওই গ্রামের কয়েক শ একর ফসলি জমি এবং বিভিন্ন প্রজাতির গাছপালা।সরেজমিনে দেখা গেছে, হামিদপুর ইউনিয়ন পরিষদ ভবনের বেশির ভাগ অংশ বিলীন হয়ে গেছে। পরিষদের কার্যক্রম চলছে বাজারের ছোট্ট একটি ঘরে। বাজারটিতে এখনো প্রায় ৪০০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বাজারসংলগ্ন রামানন্দপুর গ্রামের গৃহবধূ স্নেহলতা (৪৫) বলেন, তাঁর তিনটি বাড়িসহ ফসলি জমি বিলীন হয়ে গেছে। এখন তাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই। একই গ্রামের তরুলতা (৬২) বলেন, ‘আমাদের তিনটি বড় দোকানঘর, দুটি পাটের গুদাম ও তিনটি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।’হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জানান, ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বেশির ভাগ অংশ বিলীন হওয়ায় ৭০টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী লুর্যাফর রহমান জানান, গাজীরহাট বাজারের ভাঙন প্রতিরোধে মন্ত্রণালয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রতিবেদন পাঠানো হবে। খুলনা পওর বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী রমজান আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ৩০০ মিটার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য তিন কোটি টাকার বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে অবশ্যই ভাঙন প্রতিরোধ করা সম্ভব।