বিলীনের পথে প্রাচীন বিদ্যালয়টি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাছিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি বাঙ্গালী নদীর ভাঙনে বিলীন হতে বসেছে। ইতিমধ্যেই ৮৫ বছরের পুরোনো এই বিদ্যালয়টির ভবনের একটি কক্ষ নদীগর্ভে চলে গেছে।
বাঙ্গালী নদীর পানি বেড়ে যাওয়ার পাশাপাশি ভাঙন তীব্র আকার ধারণ করায় উপজেলার দেবডাঙ্গা ঈদগাহ মাঠ থেকে মাছিরপাড়া গ্রাম পর্যন্ত হুমকির মুখে পড়েছে। গত দুই সপ্তাহে ভাঙনে বসতভিটা, লোকালয়, বাঁশঝাড়, গাছপালা, আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়া নদীর পাড়ে বালুর বস্তা ফেললেও তাতে কাজ হচ্ছে না।
গতকাল সরেজমিনে দেখা গেছে, বাঙ্গালী নদীর পাড়ের লোকজন ভাঙন আতঙ্কে বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন। মাছিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা পাকা ভবনের একটি শ্রেণিকক্ষ বিলীন হয়ে গেছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাবিবা খাতুন বলেন, ১৯৩০ সালে স্থাপিত বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষটি নদীভাঙনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। ভবনের বাকি দুটি কক্ষও হুমকির মুখে আছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু সেখান থেকে ভবনের মালামাল নিলামে তোলার কোনো নির্দেশনা মেলেনি। এখন ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পঞ্চম শ্রেণি ছাড়া অন্যদের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওহিদুল ইসলাম বলেন, বিদ্যালয় ভবন রক্ষায় নদীর পাড়ে ব্লক ফেলাসহ ভাঙন ঠেকানোর জন্য অনেকবার পাউবোর কর্মকর্তাদের কাছে ধরনা দেওয়া হয়েছে। কিন্তু নদীতে বালুর বস্তা ফেলা ছাড়া পাউবো কোনো উদ্যোগ নেয়নি। এখন ভবনসহ বিদ্যালয়ের আট শতক জায়গা যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে।
নদীপাড়ের বাসিন্দা হজরত আলী (৮৫) বলেন, নদী ধেয়ে আসায় বসতবাড়ি সরিয়ে নিতে হচ্ছে। মাছিরপাড়া গ্রামের গোলাম মোস্তফা বলেন, ভাঙন রোধে স্থায়ী কোনো উদ্যোগ না নিয়ে পাউবো নদীর পাড়ে তিন দফা বালুর বস্তা ফেলেছে। এতে লাখ লাখ টাকা পানিতে ঢাললেও ভাঙন বন্ধ হয়নি।
পাউবোর ঠিকাদার নান্নু মিয়া বলেন, ভাঙন ঠেকাতে পাউবোর মৌখিক নির্দেশে নদীপাড়ে বালুর বস্তা ফেলা হচ্ছে। কিন্তু সিসি ব্লক ছাড়া এভাবে ভাঙন ঠেকানো সম্ভব নয়।
সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, মাছিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন অন্য জায়গায় সরিয়ে নিতে এবং নতুন করে বিদ্যালয় ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন করা হয়েছে। জটিলতার কারণে পুরাতন ভবনের মালামাল নিলামে দেওয়া যায়নি।
পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, যমুনা ও বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ দুটি নদীর পানি মঙ্গলবার যথাক্রমে বিপৎসীমার ১৮ ও ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে ঠিকাদারের মাধ্যমে কিছু বালুর বস্তা ফেলা হচ্ছে। এতে সাত থেকে আট লাখ টাকা খরচ হচ্ছে। ভাঙন ঠেকাতে সিসি ব্লক নির্মাণে অনেক টাকা প্রয়োজন। পাউবোর পক্ষে এ মুহূর্তে এত অর্থ ব্যয় করা সম্ভব নয়।