বিলীনের পথে শরণখোলা বাজার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় দুটি নদীর মোহনায় অবস্থিত শরণখোলা বাজার ও সংলগ্ন এলাকায় ১১ আগস্ট থেকে শুরু হওয়া আকস্মিক ভাঙনে প্রায় ৪০০ ফুট জায়গা বিলীন হয়ে গেছে। দুটি বসতবাড়িসহ প্রায় ৪০টি দোকান নদীগর্ভে চলে গেছে। উৎকণ্ঠায় দিন কাটছে ১০০ পরিবারের। অথচ এ জনপদ রক্ষায় নেই কারও কোনো উদ্যোগ।
গত শুক্রবার দুপুরে শরণখোলা বাজারে গিয়ে দেখা যায়, বাজারসংলগ্ন এলাকার মাটিতে অজস্র ফাটল। ভাঙন ক্রমাগত এগিয়ে আসছে। বাজারের ব্যবসায়ীরা তাঁদের দোকানঘর ও মালামাল সরিয়ে নিচ্ছেন।
বাজারের ব্যবসায়ী অজিত কুমার হালদার বলেন, ‘গত সোমবার সকাল ছয়টার দিকে প্রচণ্ড শব্দে ঘর থেকে ছুটে বাইরে আসি। দেখি, বাজারের সামনে জেগে ওঠা ১০০ ফুটের মতো চরটি পাকা সিঁড়িঘাট নিয়ে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এর পরের ঘণ্টাখানেক সময় যেন কেয়ামত ছিল। ওই সময়ের মধ্যে দুটি বসতবাড়ি, ১০টি দোকানসহ পাড়ের বড় বড় বেশকিছু গাছ নদীতে ভেঙে পড়ে। মালসামালসহ আমার নিজের ঘরটিও নদীতে চলে যায়।’
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ভোলা ও বলেশ্বর নদের মোহনায় জায়গাটা হওয়ায় পানির নিচের প্রচণ্ড চাপে ওপরের মাটি সরে এভাবে সবকিছু নদীগর্ভে বিলীন হচ্ছে।
বাজারের আরেক ব্যবসায়ী জালাল মোল্লা বলেন, গত ছয় দিনে প্রায় ৪০০ ফুটের মতো এলাকা নদীতে ধসে গেছে। বাজারের ১২০টি দোকানঘরের মধ্যে ৪০টি বিলীন হয়েছে। প্রতিদিনই ভাঙন এগিয়ে আসছে। যাঁদের ঘর এখনো টিকে আছে, তাঁরা ঘর ও মালামাল সরিয়ে নিচ্ছেন। কিন্তু¦এসব মানুষের এই জায়গা ছাড়া অন্য কোথাও কোনো অবলম্বন নেই। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন, ‘গত সোমবার ভাঙন শুরুর পরই আমরা বিষয়টি পাউবো ও জলা প্রশাসনকে জানাই। পাউবোর কর্মকর্তারা এলাকাটি পরিদর্শনও করে গেছেন। কিন্তু¦ ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেননি। বাজারের ব্যবসায়ী ও সংলগ্ন এলাকার বাসিন্দারা ভয়ংকর ঝুঁকিতে আছেন।’
পাউবোর বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী মো. মাইনদ্দিন বলেন, ‘ভাঙনের খবর পেয়েই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। এলাকাটি আমাদের বাঁধের বাইরে। আর ভাঙনের প্রবণতাও ভয়াবহ। এটি রোধে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। আপাতত অসহায় মানুষগুলো আমাদের বেড়িবাঁধে আশ্রয় নিতে পারে।’