বিলুপ্ত ছিটমহল থেকে ভারতে গেলেন মোট ৯১৭ জন

বিলুপ্ত ছিটমহলের ২৬ জন গতকাল সোমবার শেষ দফায় ভারতের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন। তাঁরা পঞ্চগড়ের বোদা উপজেলার বিলুপ্ত ছিটমহল বেহুলাডাঙ্গা এবং দেবীগঞ্জের কোটভাজনী ও দহলা খাগড়াবাড়ীর বাসিন্দা ছিলেন।
এ নিয়ে বাংলাদেশ থেকে মোট ৯১৭ জন ভারতে গেলেন। যদিও সে দেশে যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছিলেন ৯৭৯ জন। পঞ্চগড়ের ৪৭৮ জন, কুড়িগ্রামের ২৪৫ জন ও লালমনিরহাটের ১৯৪ জন। কিন্তু ভারতের অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহল থেকে একজনও বাংলাদেশে আসেননি।
১০ পরিবারের ২৬ জন সদস্য গতকাল নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সীমান্তের অস্থায়ী তল্লাশিকেন্দ্র দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে একটি বাস ও দুটি ট্রাকে মালামাল নিয়ে ভারতে প্রবেশ করেন। ভারতের পক্ষে বিলুপ্ত ছিটমহলবাসীকে বরণ করেন কোচবিহার জেলা প্রশাসনের প্রতিনিধি তাপস কুমার রায় ও বিএসএফের স্টাফ অফিসার মেজর মঞ্জিল সিং। এ সময় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি শৈলেন্দু কিশোর উপস্থিত ছিলেন। আর বাংলাদেশের পক্ষে ২৬ জনকে বিদায় জানান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম ও নীলফামারী সদরের সহকারী কমিশনার (ভূমি) ফখরুল হাসান।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, শেষ দিনে ৩৪ জনের যাওয়ার কথা ছিল। কিন্তু আটজন ভারতে যেতে অস্বীকৃতি জানিয়ে এ দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ছোট ছেলে রতনকে (১৯) নিয়ে গতকাল ভারতে গেলেন কোটভাজনীর মহেশ চন্দ্র (৯০)। স্ত্রী ও দুই ছেলে আগেই চলে গেছেন। তবে দুই মেয়ে বাংলাদেশে রয়ে গেছেন। স্বামীরা ট্রাভেল পাস না পাওয়ায় তাঁরা ভারতে যেতে পারলেন না।
ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে রতন কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘জমি বিক্রি করতে না পারায় আমার বাবা যেতে পারেননি। আর বাবাকে নিয়ে যেতে আমি থেকে গেছি। রোববার সরকার জমি কিনে নিয়েছে। আজ বাবাকে নিয়ে যাচ্ছি। উচ্চমাধ্যমিক পাস করেছি। খেলার সাথি, সহপাঠী, স্বজনদের ছেড়ে যেতে খারাপ লাগছে।’
এর আগে ২২, ২৩, ২৪ ও ২৬ নভেম্বর চার দফায় পঞ্চগড় জেলার ৯৩টি পরিবারের ৪৫২ জন ভারতে গেছেন। কুড়িগ্রাম থেকে গেছেন ৪৯টি পরিবারের ২৪৫ জন সদস্য। কিন্তু নাম নিবন্ধন করেও ভারতে যায়নি ৫৯টি পরিবার। সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশে থেকে যাওয়া দাসিয়ারছড়ার মনমোহন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভুল করে ভারতে যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছিলাম। এ দেশ ছেড়ে কোথাও যেতে চাই না।’ আর লালমনিরহাট থেকে ১৯৪ জন চলে গেছেন ভারতে। সর্বশেষ গত রোববার দুপুরে যান সদ্যবিলুপ্ত হাতীবান্ধার ১৩৫ নম্বর গোতামারী ছিটমহলের কৃষ্ণ বর্মণ (২৬) ও তাঁর স্ত্রী সুচরিতা রানি বর্মণ (১৯)।
[সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে]