বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় খানা জরিপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মানুষের সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে খানা জরিপ শুরু হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখান ও তথ্য বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম ১০ দিনব্যাপী চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ হাজার ৭৪৪ একর জমির মধ্যে ৬৪৫ বর্গকিলোমিটার আয়তনের দাসিয়ারছড়ায় ১৯ জন গণনাকারীকে এ কাজ করা জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গণনাকারীরা প্রতিটি বাড়িতে খানা জরিপ করার জন্য যাচ্ছেন। দাসিয়ারছড়ায় যৌথ হেড কাউন্টিংয়ে ৬ হাজার ৮৮৯ জন বসবাসকারীর খানার হিসাব নেওয়ার জন্য কাজ করবেন তাঁরা। শুধু দাসিয়ারছড়ায় নয়, দেশের মানচিত্রে অন্তর্ভুক্ত ১৭ হাজার ২৫৮ দশমিক ২৪ একর আয়তনের ১১১টি বিলুপ্ত ছিটমহল রয়েছে। এগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় একটি, সদরে একটি ও ভূরুঙ্গামারীতে ১০টিসহ মোট ১২টির আয়তন ১ হাজার ৮৮০ দশমিক ৪৪ একর।

এ ছাড়া লালমনিরহাট জেলার পাটগ্রামে ৫৫টি, হাতীবান্ধায় দুটি ও সদরের দুটি মিলিয়ে মোট ৫৯টির আয়তন ৩ হাজার ২৭৮ দশমিক ০৪ একর। নীলফামারী জেলার ডিমলায় চারটির আয়তন ১৬৮ দশমিক ৪৮ একর। পঞ্চগড় জেলার সদরে সাতটি, বোদায় ২৬টি ও দেবীগঞ্জে তিনটি মিলিয়ে মোট ৩৬টির আয়তন ১১ হাজার ৯৩২ দশমিক ৭৮ একর। এসব এলাকার লোকসংখ্যা ৩৭ হাজার ৩৬৯ জন। দুই বছর তিন মাসের মাথায় বিলুপ্ত ছিটমহলগুলোতে ব্যাপক পরিবর্তনও হয়েছে। রাস্তা, স্কুল ও বিদ্যুৎ-সংযোগও দেওয়া হয়েছে। এবার সঠিক তথ্য নেওয়ার জন্য শুরু হলো খানাশুমারির কাজ।

দাসিয়ারছড়া টংকার বাজার এলাকার মুক্তার আলী বলেন, ‘আমরা কতজন দাসিয়ারছড়ায় বাস করছি, তার হিসাব বের হবে। সরকারি হিসাবের চেয়ে বেশি লোক হলে আমরা ইউনিয়নের জন্য দাবি করব।’

গণনাকারী আবেদ আলী জানান, ১০ দিনব্যাপী দাসিয়ারছড়ায় খানাশুমারির কাজ হবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রত্যেক বাড়িতে যাওয়া যাবে। এর মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যাবে।

ফুলবাড়ী উপজেলার চলতি দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা আবুল বাসার মো. ওবায়দুল্লাহ জানান, কুড়িগ্রামসহ চারটি জেলায় ৯৪ জন গণনাকারী খানাশুমারির জন্য কাজ করছেন। এ ছাড়া একজন করে জেলা সমন্বয়ক ও একজন বিভাগীয় সমন্বয়ক রয়েছেন।