বিলুপ্ত ছিটমহল নিয়ে ডিসি-ডিএম সম্মেলন
সদ্য বিলুপ্ত হওয়া ছিটমহলের বিষয়ে আজ শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে বাংলাদেশ ও ভারতের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটদের (ডিএম) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে চার ঘণ্টাব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লালমনিরহাট জেলা প্রশাসক (ডিএম) হাবিবুর রহমানের নেতৃত্বে ১৪ সদস্য এবং কুচবিহার জেলা শাসক (ডিএম) পি উলগানাথনের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, সদ্য বিলুপ্ত হওয়া ছিটমহলের বিভিন্ন বিষয়, ভারতীয় নাগরিকত্ব গ্রহণে ইচ্ছুক সাবেক ছিটমহলের বাসিন্দাদের (ট্রাভেলপাসধারী) স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়, ট্রাভেলপাসধারীদের যাতায়াতের বিষয় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় সম্মেলনে আলোচনা হয়। ভারতীয় নাগরিকত্ব গ্রহণ ট্রাভেলপাসধারীরা আগামী ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ভারতে যেতে পারবেন।
লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান ও কুচবিহার জেলা শাসক পি উলগানাথন যৌথভাবে সাংবাদিকদের বলেন, ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৯৭৯ জন ট্রাভেলপাসধারী ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে চলে যাবেন। তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গাইড লাইন প্রস্তুত করতে দুপক্ষই একমত হয়েছে। এ ছাড়া তাঁদের নিরাপত্তার বিষয়টি আলোচনা হয়েছে।
ট্রাভেলপাসধারীদের গমনাগমন বিষয়ে আগামী ২৭,২৮ ও ২৯ অক্টোবর আবারও জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) সম্মেলন ডাকা হয়েছে। তবে এখনো সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়নি।