লালমনিরহাটে বিলুপ্ত ৫৯টি ছিটমহলের বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্রের জন্য আঙুলের ছাপ ও ছবি তোলার কাজ গতকাল রোববার থেকে শুরু হয়েছে। একই দিন কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহলবাসীরও আঙুলের ছাপ ও ছবি তোলার কাজ শুরু হয়েছে।
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ভেতরে থাকা বিলুপ্ত ছিটমহলে অধিবাসীদের ছবি তোলা কার্যক্রম গতকাল ওই ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম ও পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ্জামান।
লালমনিরহাট প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ৫৯টি ছিটমহল রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় দুটি, হাতীবান্ধায় দুটি ও পাটগ্রামে ৫৫টি। পাটগ্রামের ভেতরে থাকা ভারতীয় ১৯টি ছিটমহলে কোনো জনবসতি নেই। সব ছিটমহলে মোট ১০ হাজার ৩৭৬ জন অধিবাসী রয়েছে। এর মধ্যে শুধু পাটগ্রামেই রয়েছে ৮ হাজার ৪৫২ জন।
পাটগ্রাম উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত ছিটমহলগুলোতে ভোটার তালিকা তৈরির জন্য তথ্য সংগ্রহ করা হয়। গতকাল থেকে জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে ছবি তোলা ও রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ আগস্ট, খসড়া ভোটার তালিকা সংশোধন করা হবে ২৮ জুলাই এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর।
কলেজছাত্রী শাপলা আক্তার (১৮) বলেন, ‘নাগরিকত্ব অর্জনের জাতীয় পরিচয়পত্র হাতে পাব। পরিচয়পত্র পেলেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরিতে আবেদন, জন্ম সনদ এমনকি মুঠোফোনের সিম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পাবো।’ রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলার কাজ চলবে ২৫ জুলাই পর্যন্ত।
এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ী সদরের অভ্যন্তরে অবস্থিত অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার অধিবাসীদের জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে ছবি ও আঙুলের ছাপ গ্রহণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে কালিরহাটের শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নবী নেওয়াজ, জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল কুদ্দুস সরকার, বিলুপ্ত ছিটমহল আন্দোলনের নেতা গোলাম মোস্তফা খান, আলতাফ হোসেন, নুর আলম মাষ্টার প্রমুখ।