বিলুপ্ত ছিটমহলে বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের অভ্যন্তরে অধুনা বিলুপ্ত ভারতের ৫৯টি ছিটমহলের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ-সংযোগ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের অভ্যন্তরে সম্প্রতি বিলুপ্ত ১১২ নম্বর বাঁশকাটা ছিটমহলের অস্থায়ী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রংপুর অঞ্চলের বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ আলাউদ্দিন সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। এই লাইনে ২৫০ মেগাওয়াট ধারণ ক্ষমতার একটি ট্রান্সমিটার বসানো হয়েছে।

এ সময় শেখ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, জেলার অভ্যন্তরে ৫৯টি বিলুপ্ত ছিটমহলের ১০৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের জন্য দুই হাজার খুঁটি প্রয়োজন। এরই মধ্যে এক হাজার খুঁটি স্থাপনের বরাদ্দ পাওয়া গেছে। কাজও শুরু হয়ে গেছে।

শেখ মোহাম্মদ আলাউদ্দিন  আশা করেন, আগামী জানুয়ারির মধ্যেই প্রতিটি পরিবারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর পিডিবির পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাৎ হোসেন সরকার, লালমনিরহাটের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান, পাটগ্রাম অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ জেড এম সাইফুল ইসলাম মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

গতকাল বাঁশকাটার বাসিন্দা সৈয়দ আলীর বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। এই আনন্দে তিনি বলেন, ‘বহু বছর পরে হলেও আমরা বাংলাদেশি হয়েছি। এখন মুক্তির স্বাদ পেয়েছি। দেশের অন্য সব নাগরিকের মতো সুযোগ-সুবিধা পেতে যাচ্ছি। বিদ্যুৎ-সংযোগ পেলাম। ছেলেমেয়েরা বিদ্যুতের আলোয় পড়াশোনা করতে পারবে। টেলিভিশন দেখতে পারবে। দেশ-বিদেশের খবরাখবর জানতে পারবে। খুব ভালো লাগছে।’

জানতে চাইলে মফিজুল ইসলামসহ এলাকার ছয়জন বাসিন্দা বলেন, একটি বাড়িতে বিদ্যুৎ-সংযোগের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হলো। একে একে সবাই বিদ্যুৎ সংযোগ পাবেন। এই আনন্দে তাঁরা আত্মহারা। এখন থেকে তাঁদের আর অন্ধকারে থাকতে হবে না। ছেলেমেয়েদের পড়াশোনার জন্য কেরোসিনের কুপির ওপর নির্ভর করতে হবে না। এ কথা ভাবতেই তাঁদের ভালো লাগছে।