বিলুপ্ত ছিটমহলে বিভিন্ন উপকরণ দিল ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক লিমিটেডের লালমনিরহাটের পাটগ্রাম শাখার উদ্যোগে গতকাল বুধবার উপজেলার বিলুপ্ত ৩৬টি ছিটমহলে শিক্ষার্থী ও দুস্থ মানুষের মধ্যে শিক্ষা উপকরণসহ বিভিন্ন অনুদান দেওয়া হয়েছে। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ অনুদান দেওয়া হয়।
গতকাল বিকেল পাঁচটায় ইসলামী ব্যাংকের পাটগ্রাম শাখা ভবনে বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন গ্রামের ১১৪ শিক্ষার্থীসহ ৩১ দুস্থ গরিব মানুষের মাঝে অনুদান দেওয়া হয়। ওই ব্যাংকে শাখা ব্যবস্থাপক এ কে এম মোজাহারুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম ও স্থানীয় এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক নূরুল ইসলামসহ বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা আবদুল মজিদ, রেজাউল করিম প্রমুখ।
মোজাহারুল ইসলাম বলেন, উপজেলার বিলুপ্ত ছিটমহলের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের যাতায়াত ও লেখাপড়ার সুবিধার জন্য ১৩ জন ছাত্রছাত্রীকে বাইসাইকেল, ৬৩ জনকে স্কুলব্যাগ ও ৩৮ জনকে টি-শার্ট দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন গ্রামে দুস্থ গরিব মানুষের মধ্যে তিনজনকে রিকশাভ্যান, তিন দুস্থ নারীকে সেলাই মেশিন, ১৩ ব্যক্তিকে ল্যাট্রিন স্লাব ও ১২ জনকে টিউবওয়েল ও ছিটমহলে তথ্যসেবার জন্য একটি কম্পিউটার দেওয়া হয়।
১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলের বাসিন্দা জোংড়া ন্যাশনাল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী পড়ুয়া শিরিন আক্তার বাইসাইকেল পেয়ে খুশিতে বলে, ‘অনেক কষ্টে ছিলাম, কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। এখন বাংলাদেশি হয়েছি। আমাদের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন। এই বাইসাইকেল বিদ্যালয়ে যাতায়াতের জন্য অনেক উপকারে আসবে। লেখাপড়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাব।’
সেলাই মেশিন পাওয়া লতামারী ও পানিশালা গ্রামের ফিরোজা, জরিনা ও জনতা খাতুন বলেন, ‘অনেক কষ্ট করি গ্রারামোত সুই দিয়ে মানষির (মানুষ) কাপড় সেলাই করি সংসার চালাইছু। অনেকবার চেষ্টা করেছিনু সেলাই মেশিন কিনিবার। এলা ওমারলা এই মেশিন নিজে দিল। এলা হামারলার কষ্ট করিবার নাগিবে না। মানষির কাপড় তাড়াতাড়ি সেলাই করিয়া দিবার পামো। সংসারে কষ্ট আর থাকিবে না।’