বিলুপ্ত ছিটমহলে ভূমি ট্রাইব্যুনাল দাবি
বিলুপ্ত ১১১টি ছিটমহলের বাসিন্দাদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ভূমি ট্রাইব্যুনাল গঠন জরুরি। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন মত দিয়েছেন বিশিষ্টজনরা।
আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘সাবেক ছিটমহলবাসীদের ভূমি বঞ্চনার আশঙ্কা ও করণীয়’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংগঠন তিনটির সমন্বয়ে গঠিত একটি অনুসন্ধান দলের সংগৃহীত তথ্যের আলোকে পাঁচটি বিলুপ্ত ছিটমহলের সাধারণ মানুষের ভূমি সমস্যার ওপর তৈরি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তুলে ধরেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।
প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়েছে সাবেক ছিটমহলগুলো দীর্ঘদিন রাষ্ট্রীয় ভূমি ব্যবস্থাপনার আওতার বাইরে থাকায় সেখানকার ভূমি সমস্যা ও বিরোধের প্রকৃতি অপেক্ষাকৃত জটিল। অধিকাংশেরই জমির দলিলপত্র নেই। এসব বাস্তবতা বিবেচনায় না রেখে প্রচলিত রীতি অনুযায়ী জরিপ করলে অনেকেই ভূমি হারাতে পারেন। সে কারণে ছিটমহল বাসিদের আইনি সুরক্ষা প্রয়োজন।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির অনেকগুলো জরিপেই দেখা গেছে, ভূমি সংক্রান্ত বিভাগগুলো বেশি দুর্নীতিগ্রস্ত। সম্প্রতি ছিটমহলের মানুষদের জমি সংক্রান্ত জটিলতা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে ভূমি খাত নিয়ে যাতে দুর্নীতি হতে না পারে সে জন্য প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। সেখানকার মানুষদের আইনি সুরক্ষা দিতে হবে। ছিটমহলের বাসিন্দারা ভূমির মৌলিক অধিকার থেকে যাতে বঞ্চিত না হন বিশেষ বিধি প্রণয়ন করা যেতে পারে।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ছিটমহলবাসীদের জন্য জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিতে হবে। গণ আদমশুমারিতে বাদ পড়ে যাওয়া ব্যক্তিদের জমি তাদের নামে রেকর্ডভুক্ত করার উদ্যোগ নিতে হবে। ছিটমহলবাসীর জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করার ব্যবস্থা নিতে হবে।