বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকার কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলগুলোর অধিবাসীদের ভোটার তালিকায় নাম ওঠানোর কাজ গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর আওতায় গতকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন তথ্য সংগ্রহকারীরা। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুড়িগ্রাম: সকালেফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ার কালীরহাট বাজারে তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্র নাথ উরাঁও। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নবী নেওয়াজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল কুদ্দুস সরকার, সদ্য বিলুপ্ত বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ারছড়া শাখা আওয়ামী লীগের আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।

দেবেন্দ্রনাথ উরাঁও বলেন, কুড়িগ্রামের ১২টি ছিটমহলে ৪ জন তত্ত্বাবধায়ক এবং ১৯ জন তথ্য সংগ্রহকারী নিযুক্ত করা হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন। গোলাম মোস্তফা বলেন, গত ৬৮ বছরে ছিটমহলবাসী কখনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। তাঁরা এবার ভোটার হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সেই সাধ পূরণে উন্মুখ হয়ে আছেন।

পঞ্চগড়: জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার জাহান জানান, গতকাল সকাল থেকে জেলার তিনটি উপজেলার বিভিন্ন বিলুপ্ত ছিটমহলে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর, বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ৩৬টি বিলুপ্ত ছিটমহল রয়েছে। তবে জনবসতি আছে ১৯টিতে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য ৪১ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়েছে। দেবীগঞ্জের বিলুপ্ত ছিটে সম্ভাব্য নতুন ভোটার সংখ্যা ধরা হয়েছে নয় হাজার। বোদা ও পঞ্চগড় সদরে এ সংখ্যা যথাক্রমে দুই হাজার ও দেড় হাজার।

সদরের বিলুপ্ত ছিটমহল গারাতির সাবেক চেয়ারম্যান মফিজার রহমান বলেন, অবশেষে বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা ভোটার হতে যাচ্ছেন, এ খবর আনন্দের। এর মধ্য দিয়ে ছিটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।

পাটগ্রাম (লালমনিরহাট): লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল বাশঁকাটায় তথ্য সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএনও নূর কুতুবুল আলম।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম, লালমনিরহাট সদর ও হাতীবান্ধা উপজেলায় মোট ৫৯টি ছিটমহল রয়েছে। তবে পাটগ্রাম উপজেলার ৫৫টির মধ্যে ১৯টিতে কোনো জনবসতি নেই।

গতকাল রোববার সরেজমিনে পাটগ্রামের বাঁশকাটা ছিটমহলের চারটি গ্রাম দয়ালেরটারী, মোমিনপুর, বসটারি ও ঘোষপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ভোটার তালিকায় নাম ওঠাতে স্বপ্রণোদিত হয়ে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষেরা তথ্য সংগ্রহকারীদের কাছে তথ্য দিচ্ছেন।

দয়ালেরটারী গ্রামের ৪২ বছর বয়সী নুরনাহার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কী কমো বাহে। দেখছেন না বাহে, হামরা বাংলাদেশি হছি। এ জন্য আনন্দ-উল্লাস করছি বাহে। এলা হামরা ভোটার হছি।’

গত বছরের ৩১ জুলাই মধ্যরাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় কার্যক্রম শেষ হয়। এর আওতায় ভারতের ভেতরে থাকা বাংলাদেশি ৫১টি ছিটমহল এবং বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহল বিনিময় হয়। বাংলাদেশ যে ১১১টি ছিটমহল পায়, তাতে থেকে যাওয়া বাসিন্দাদের নাগরিকত্ব দিয়ে গত ১১ এপ্রিল গেজেট প্রকাশ করে সরকার। এবার ভোটার তালিকায় নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে এ তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হলো। চলবে ১৬ জুলাই পর্যন্ত।

নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক, তথ্য সংগ্রহের কাজ শেষ হওয়ার পর বিলুপ্ত ছিটমহলগুলোতে ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ভোটারদের ছবি তোলা ও জাতীয় পরিচয়পত্রের কাজ চলবে। ১ আগস্ট খসড়া ভোটার তালিকা তালিকা প্রকাশ করা হবে। সংশোধন করা যাবে ২৮ জুলাই পর্যন্ত। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিনই বিলুপ্ত প্রত্যেক ছিটমহলের নাগরিকেরা হাতে পাবেন জাতীয় পরিচয়পত্র।