বিলুপ্ত ছিটমহলে ৩১ অক্টোবর ভোট
বিলুপ্ত হয়ে যাওয়া ছিটমহলে আগামী ৩১ অক্টোবর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ করা হতে পারে। একই দিন স্থগিত থাকা ইউপিতেও ভোট গ্রহণ করা হবে।
আজ রোববার নির্বাচন কমিশন এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ও পরশুর মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিশন থেকে একটি তারিখ প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।
কমিশনের প্রস্তাবিত তফসিল অনুযায়ী, বিলুপ্ত ছিটমহলে মনোনয়নপত্র জমার শেষ সময় ৬ অক্টোবর, যাচাই-বাছাই ৭ অক্টোবর এবং প্রত্যাহারের শেষ সময় ১৪ অক্টোবর। এর মধ্যে কুড়িগ্রামের ৬টি, লালমনিরহাটের ৯টি এবং পঞ্চগড়ের ১১টির মধ্যে ৮টি ইউপিতে ভোট হবে। সীমানা জটিলতার কারণে পঞ্চগড়ের তিনটি ইউপিতে ভোট হচ্ছে না। দীর্ঘ ৬৮ বছর পর স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী গত বছরের ১ আগস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় হয়।
এদিকে সদ্য শেষ হওয়া নির্বাচনে অনিয়ম এবং অন্যান্য কারণে যেসব ইউপির সম্পূর্ণ ও আংশিক নির্বাচন স্থগিত করা হয়েছে, সেগুলোতে ৩১ অক্টোবর ভোট গ্রহণ করা হবে বলে কমিশন সচিবালয় থেকে জানা গেছে।