বিলুপ্ত ছিটমহলের তথ্য হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্ত ছিটমহলগুলোর কলমি-নকশা ও মালিকানার হালনাগাদ তথ্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব হস্তান্তর করা হয়।
পঞ্চগড়ের জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম সভাপতিত্ব করেন। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার ৩৬টি সাবেক ছিটমহলের ২৫ হাজার ৩৭৩টি খানার ১১ হাজার ৯৩২ দশমিক ৭৫ একর জমির মালিকানার হালতথ্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিলের কাছে হস্তান্তর করেন। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে জরিপের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে ভূমির মালিকানা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে ১৬টি দল কাজ করবে। আগামী জুলাইয়ের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিউল আলম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ) আনোয়ার হোসেন, উপসচিব রফিকুল ইসলাম, দিনাজপুর অঞ্চলের সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন, পুলিশ সুপার (এসপি) গিয়াসউদ্দিন আহমদ বিশেষ অতিথি ছিলেন। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।