বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা এবার ভোটার হচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ভোটার তালিকা হালনাগাদে সদ্য বিলুপ্ত হওয়া ১১১টি ছিটমহলের বাসিন্দাদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনা কম। এই ছিটমহলগুলোর উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ের সীমানা এখনো চিহ্নিত না করায় বাসিন্দাদের ভোটার করা সম্ভব না-ও হতে পারে। খবর ইউএনবির।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো বিলুপ্ত ছিটমহলগুলোর সীমানা চিহ্নিত করে তার অনুলিপি নির্বাচন কমিশনে পাঠায়নি। ফলে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ওই এলাকার বাসিন্দাদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনা ক্ষীণ।
সচিব মো. সিরাজুল ইসলাম অবশ্য জানান, নির্বাচন কমিশন সীমানা চিহ্নিত করার অনুলিপি পাওয়া মাত্রই ওই অঞ্চলের অধিবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা শুরু করবে। ৩১ জুলাই মধ্যরাতের পর বাংলাদেশ-ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হয়। এরপর নির্বাচন কমিশন বিলুপ্ত হওয়া ছিটমহলগুলোর বাসিন্দাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছিল। কিন্তু সীমানা জটিলতার কারণে পরিকল্পনা আর বাস্তবায়ন করা যায়নি।
এবারের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে গত ২৫ জুলাই থেকে। আগামী বছরের ৩১ জানুয়ারিতে পূর্ণাঙ্গ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে যাঁরা ভোটারযোগ্য হচ্ছেন, তাঁদের তথ্য সংগ্রহ করা হবে এবার। বাংলাদেশে ছিটমহলগুলো মধ্যে ৩৬টি পঞ্চগড়ে, ৫৯টি লালমনিরহাটে, ১২টি কুড়িগ্রামে ও ৪টি নীলফামারী জেলায় অবস্থিত।