বিলুপ্ত ছিটমহলের ২২টিসহ সাড়ে তিন শ ইউপিতে ভোট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাড়ে তিন শর মতো ইউনিয়ন পরিষদে (ইউপি) সম্পূর্ণ বা আংশিক ভোট গ্রহণ করা হবে আজ সোমবার। এগুলোর মধ্যে বিলুপ্ত ছিটমহলের ২২টি ইউপিও রয়েছে। এই ২২ ইউপিতে নির্বাচন ঘিরে উৎসবের আমেজ।

বেশির ভাগ প্রার্থী আশঙ্কা করছেন, আগের ছয় ধাপের মতো এবারও বিভিন্ন অনিয়ম ও সরকারি দল মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল করা হতে পারে। তবে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, নির্বাচন সুষ্ঠু করার জন্য অতিরিক্ত পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও নির্বাহী হাকিম নিয়োগ করা হয়েছে।

বিলুপ্ত ছিটমহলের যে ২২টি ইউপিতে আজ ভোট গ্রহণ হবে সেগুলোর মধ্যে পঞ্চগড়ের আটটি, লালমনিরহাটের আটটি এবং কুড়িগ্রামের ছয়টি ইউপি রয়েছে। কমিশন আশা করছে, এসব ইউপিতে উৎসবের আমেজে ভোট গ্রহণ হবে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানা যায়, নির্বাচনী অনিয়মের কারণে বন্ধ হওয়া ১০৩টি ইউপির ২০২টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে। পাশাপাশি আদালতের নির্দেশ ও অন্যান্য কারণে স্থগিত হওয়া ৩৮টি, ভোট সমান হয়ে যাওয়ায় ৬৪টি এবং নতুন করে তফসিল হওয়া ৬৬টি ইউপিতেও আজ ভোট হবে। এ ছাড়া পদ শূন্য হওয়ায় ৬৭টি ইউপিতে হবে উপনির্বাচন।

গত মার্চ থেকে জুনের মধ্যে ছয় ধাপে চার হাজারের বেশি ইউপিতে নির্বাচন হয়। এর মধ্যে তিন হাজারের বেশি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপির প্রার্থীরা জিতেছেন চার শর মতো ইউপিতে।

ইউপি নির্বাচনে শুরু থেকে অভিযোগ ওঠে, সরকারি দলের প্রার্থী বা তাঁদের কর্মী-সমর্থকেরা বিএনপি ও নিজেদের দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য নানা ধরনের ভয়ভীতি দেখান ও হুমকি দেন, যা শেষ ধাপের নির্বাচন পর্যন্ত অব্যাহত ছিল। এ ছাড়া ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই এবং সংঘাত ও প্রাণহানি ছিল নিয়মিত ঘটনা। নির্বাচনী সহিংসতায় মারা যান ১০৮ জন। আহত ব্যক্তির সংখ্যা ৫ হাজারের বেশি।

কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, নির্বাচনী অনিয়মের কারণে কমিশন ১২৩টি ইউপির ৩৪৫টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নোয়াখালীতে ৪৭টি ইউপির ১৩০টি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়।

এবারের নির্বাচনেও নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর, হাজিপুর, কুতুবপুর, নরোত্তমপুর, আলাইয়াপুর, জিরতলী এবং সেনবাগের কেশরপাড়, কাদরা, কাবিলপুর, বিজবাগ ও মোহাম্মদপুরে কেন্দ্র দখলের আশঙ্কা করছেন আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য প্রার্থীরা। এ নিয়ে কমিশনে একাধিক অভিযোগও জমা পড়েছে। কমিশন সচিবালয় সূত্র বলেছে, সেনবাগের সাংসদ মোরশেদ আলম নির্বাচন কমিশনে এসে জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেনকে বদলির জন্য একাধিকবার তদবির করে গেছেন। তবে কমিশন এতে সায় দেয়নি।

সাতক্ষীরার কলারোয়ার কুশোডাংগা এবং সদরের আলীপুরের একাধিক প্রার্থী আবারও কেন্দ্র দখলের আশঙ্কা করে কমিশনে অভিযোগ করেছেন।

বিলুপ্ত ছিটমহলে ভোট: প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর, পাথরডুবি ও শিলখুড়ি; ফুলবাড়ী সদর, কাশিপুর ও ভাঙ্গামোড় ইউপি; পঞ্চগড়ের সদর উপজেলার হাফিজাগঞ্জ ও হাঁড়িভাসা; বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘি, মাড়েয়া, বড়শশী ও ভাউলাগঞ্জ; দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ও টেপ্রিগঞ্জ ইউপি; লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাট; হাতীবান্ধার গোতামারী; পাটগ্রামের সদর, বুড়িমারী, শ্রীরামপুর, জগৎবেড়, জোংড়া ও কুচলিবাড়ি ইউপিতে আজ ভোট গ্রহণ হবে।