বিলুপ্ত ৫৯ ছিটমহলে ভোটার তালিকার কাজ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার হওয়ার দীর্ঘ অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে লালমনিরহাটের বিলুপ্ত ৫৯ ছিটমহলবাসীর। এসব ছিটমহলে ভোটার তালিকা প্রণয়নের জন্য তথ্য সংগ্রহ আজ রোববার থেকে শুরু হচ্ছে। চলবে ১৬ জুলাই পর্যন্ত।

লালমনিরহাট জেলা ও পাটগ্রাম উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ জুলাই মধ্যরাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় কার্যক্রম শেষ হয়। এর আওতায় ভারতের ভেতরে থাকা বাংলাদেশি ৫১টি ছিটমহল এবং বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহল বিনিময় হয়। বাংলাদেশ যে ১১১টি ছিটমহল পায়, তাতে থেকে যাওয়া বাসিন্দাদের নাগরিকত্ব দিয়ে গত ১১ এপ্রিল গেজেট প্রকাশ করে সরকার। এবার ভোটার তালিকায় নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে এ তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হচ্ছে। এর আওতায় লালমনিরহাট সদরের দুটি, হাতীবান্ধা উপজেলার দুটি ও পাটগ্রাম উপজেলার ৫৫টি বিলুপ্ত ছিটমহলে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে উপযুক্ত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য এরই মধ্যে তিনটি উপজেলার নির্বাচন কার্যালয়ের মাধ্যমে জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, পাটগ্রামের ছিটমহলগুলোর জন্য ২৫ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে। তাঁরা ১৬ জুলাই পর্যন্ত বিলুপ্ত ছিটমহলে বসবাসরত প্রত্যেক নাগরিকদের বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, পাটগ্রামে ২৫ জনের পাশাপাশি হাতীবান্ধা ও লালমনিরহাট সদরে তিনজন করে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। ভোটার তালিকা প্রণয়নের পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় পরিচয়পত্রও দেওয়া হবে।

গতকাল শনিবার পাটগ্রামের বাঁশকাটা ছিটমহলের দয়ালেরটারী, মোমিনপুর, বসটারি ও ঘোষপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, ভোটার তালিকার কাজ শুরু হবে, এমন খবরে মানুষের মধ্যে রীতিমতো উৎসবের আমেজ শুরু হয়েছে।

বাঁশকাটা ছিটমহলের দয়ালেরটারী গ্রামের পল্লিচিকিৎসক রেজাউল করিম বলেন, ‘৬৮ বছর পর হলেও আমরা তো বাংলাদেশি হয়ে গেছি। ভোটের তালিকায় নাম উঠবে। আরও কত কিছু হবে। জাতীয় পরিচয়পত্র পাব। এ বড়ই আনন্দের।’

বসটারি গ্রামের মোকছেদুল হোসেন (৫৭) বলেন, ‘আনন্দ মনে লাগে। তবে দুঃখও আছে। ধরলা নদী আমাদের গিলে খাচ্ছে। এ পর্যন্ত পাঁচবার বসতবাড়ি সরাতে হয়েছে। জমিজমা সবই নদীগর্ভে গেছে।’ তিনি ভাঙনের হাত থেকে রক্ষা পেতে জরুরি ভিত্তিতে ধরলা নদীতে বাঁধ নির্মাণের দাবি জানান।