বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দেশি নোনাটেংরা, পারশে, গলদা চিংড়ি, লাল তেলাপিয়া, দেশি সরপুঁটি, দেশি ফলি, দেশি রুই ও চিতল মাছের সফল প্রজনন ঘটাতে সক্ষম হয়েছেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত মৎস্য মেলায় এসব মাছ, মাছ চাষের পদ্ধতি ও এর লালন-পালনপদ্ধতি প্রদর্শন করা হচ্ছে।মেলায় এসব দেশি মাছের পাশাপাশি বিশাল একেকটি জলাধারে বিলুপ্তপ্রায় মহাশোল, নদীর রিঠা মাছ ও নদীর পাঙাশ মাছও রয়েছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, দীর্ঘ প্রায় তিন বছর ধরে নদীর পাঙাশ, রিঠা ও মহাশোল নিয়ে গবেষণা করা হচ্ছে। কিন্তু এই মাছগুলোর ক্ষেত্রে আশানুরূপ সফলতা আসেনি।গতকাল শুক্রবার খামারবাড়িতে পাঁচ দিনব্যাপী এই মৎস্য মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি ইউনিয়ন পর্যায়ে আধুনিক মৎস্য চাষপদ্ধতির জন্য দক্ষ জনবল নিয়োগের কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশে সাত লাখ টন মাছ প্রকৃতি থেকে পাওয়া যেত। ওই সময় ৯০ হাজার টন মাছ আসত চাষ থেকে। এখন সেখানে ১১ লাখ টন মাছ চাষ থেকে পাওয়া যায়। মাছ চাষের এই উন্নয়ন অনেক বড় সাফল্য। তবে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে চাহিদার কথা মাথায় রেখে মাছ চাষের ওপর গুরুত্ব দিতে হবে।মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, দেশের সব জেলায় সব জেলের মধ্যে পরিচয়পত্র দেওয়া হবে। অন্তত ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষের জন্য আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। মাছের ডিম সংরক্ষণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা এখন সময়ের দাবি। তিনি এই মৎস্য চাষের আধুনিকায়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখার জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, প্রতিবছর মৎস্য অধিদপ্তর মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য মেলার আয়োজন করে। এতে উন্নত প্রযুক্তির পাশাপাশি দেশি নানা জাতের মাছের প্রদর্শনী হয়। আগ্রহী চাষিরা এটি দেখে মৎস্য চাষে আগ্রহী হন এবং নিজ নিজ খামারে এই প্রযুক্তি প্রয়োগ করে লাভবান হতে পারেন।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শরফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল কিবরিয়াও বক্তব্য দেন। আয়োজকেরা জানান, মেলা চলবে ২৭ জুলাই পর্যন্ত। মেলায় দেশি রুই, কাতলা, কার্প প্রজাতির মাছ ছাড়াও সরপুঁটি, শিং, চিংড়ি ও নানা প্রজাতির কাঁকড়াসহ সামুদ্রিক মাছ বোতলজাত করে প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে টানা রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।