বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির বিভিন্ন মাছের উৎপাদন বৃদ্ধির জন্য যশোরের বাঘারপাড়া উপজেলায় চিত্রা নদীতে গড়ে তোলা হয়েছিল অভয়াশ্রম। তাতে সাফল্যও এসেছিল ঢের। কিন্তু পরিকল্পনাহীনতা আর উদ্যোগের অভাবে বিলুপ্ত হয়ে গেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বড় অভয়াশ্রমটি।
বাঘারপাড়া উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, বিলুপ্তপ্রায় প্রজাতির মাছের জন্য শুষ্ক মৌসুমে নিরাপদ আশ্রয়স্থল ও প্রজনন মৌসুমে বিচরণক্ষেত্র তৈরির জন্য ২০০৩ সালে এ অভয়াশ্রম গড়ে তোলা হয়। মৎস্য অধিদপ্তর, আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড ফিশ সেন্টার’ ও বেসরকারি সংগঠন ‘বাঁচতে শেখা’ যৌথভাবে এ উদ্যোগ নেয়। প্রকল্পের মোট আয়তন ছিল চিত্রা নদীর ১১৮ হেক্টর এলাকা। এর মধ্যে নদীর গভীর ও প্রশস্ত অংশ বাঘারপাড়া থানার পাশের ৪ দশমিক শূন্য ৫ হেক্টর এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করা হয়। বাকি অংশ মাছ ধরার জন্য উন্মুক্ত রাখা হয়। স্থানীয় বিল জলেশ্বর থেকে ধলগ্রাম জলকপাট (স্লুইসগেট) পর্যন্ত নদীর দুই পাড়ে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে গঠন করা হয় ‘চিত্রা নদী উন্নয়ন সমিতি’। সমিতির সুফলভোগী ছিলেন ৪৩৫ জন। সমিতির কর্মকাণ্ড ছিল অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ, প্রকল্পভুক্ত এলাকায় আড়বাঁধ ও কারেন্ট জাল উচ্ছেদ এবং কচুরিপানা পরিষ্কার।
স্থানীয় মৎস্যজীবীরা বলেন, অভয়াশ্রম প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে অভাবনীয় সাফল্য পাওয়া যায়। হারিয়ে যাওয়া বোয়াল, রাইক (বাটা), কই, দেশি সরপুঁটি, ট্যাংরা, পাবদা, বাতাসি, রয়না, গাংখয়রা ও চিতল মাছ ফিরে আসে নদীতে। সবচেয়ে বেশি প্রজনন হয় চিতলের। এলাকার হাটবাজারে যথেষ্ট পরিমাণে এসব মাছ উঠতে শুরু করে।
ঢেপখালী গ্রামের মৎস্যজীবী বৈদ্যনাথ রায় বলেন, শুষ্ক মৌসুমে মাছ অনায়াসে অভয়াশ্রমে আশ্রয় নিত। আবার প্রজনন মৌসুমে নির্বিঘ্নে খালে-বিলে গিয়ে বংশ বিস্তার করত। অভয়াশ্রম না থাকায় এখন দেশি প্রজাতির মাছের উৎপাদন কমে গেছে।
প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মূল প্রকল্পের মেয়াদ ছিল ২০০৭ সালের মার্চ পর্যন্ত। কিন্তু সমিতিকে ঋণদানসহ নানা উপায়ে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু ২০০৭ সালের জুলাই মাসে স্থানীয় কেচুয়াখোলা গ্রামের গোলাপি খাতুন নামের এক নারী সমিতির সভাপতি শান্তিরাম বিশ্বাস, কোষাধ্যক্ষ ইকবাল কবির, সহসভাপতি সতীন বিশ্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। প্রকল্প এলাকার যে ২০টি আড়বাঁধ উচ্ছেদ করা হয়, তার একটি দিয়েছিলেন গোলাপি খাতুন। ওই মামলার পর সমিতির কার্যক্রম ঝিমিয়ে পড়তে শুরু করে। এর মধ্যে ওয়ার্ল্ড ফিশ সেন্টার ও বাঁচতে শেখা তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেয়। মৎস্য অধিদপ্তরও অভয়াশ্রমটি নিয়ে আর আগ্রহ দেখায়নি। ফলে ২০০৯ সালের দিকে পুরো কার্যক্রম বন্ধ হয়ে যায়। অভয়াশ্রমটি ভরে যায় কচুরিপানায়।
দোহাকুলা গ্রামের মৎস্যজীবী খোকন বিশ্বাস বলেন, অভয়াশ্রম ধ্বংস হয়ে যাওয়ায় মাছের উৎপাদন আগের মতো নেই। নদীতে এখন আর যেতে ইচ্ছে করে না।
চিত্রা নদী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে অভয়াশ্রমটির কার্যক্রম পুনরায় শুরু করা দরকার।
বাঘারপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এই অঞ্চলে দেশি প্রজাতির মাছের সবচেয়ে বড় আশ্রয়স্থল ও প্রজননক্ষেত্র ছিল অভয়াশ্রমটি। সেটি নষ্ট হয়ে যাওয়ায় বিরাট ক্ষতি হয়েছে। অভয়াশ্রমটি পুনরায় চালু করতে ২ লাখ ১৫ হাজার টাকা প্রয়োজন। আমরা ইতিমধ্যে জেলা মৎস্য অফিস থেকে ২০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। বাকি টাকা চেয়ে উপজেলা পরিষদের কাছে আমরা চিঠি দিয়েছি। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যে টাকা পেয়ে আমরা কাজ শুরু করতে পারব।’