বিলুপ্তপ্রায় ৩৮ জাতের ধান সংরক্ষণে সাফল্যের দাবি
নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কৃষকেরা লোকায়ত জ্ঞান প্রয়োগ করে বিলুপ্তপ্রায় ৩৮টি জাতের ধান সংরক্ষণে সাফল্য পেয়েছেন। গতকাল বুধবার জেলার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে পাঁচগাঁও ভাওর কৃষক সংগঠনের সভাপতি আবদুর রেজ্জাক জানান, বর্তমানে হালের গরু থেকে শুরু করে সার, পানি, বীজ—সবকিছুই চলে গেছে বহুজাতিক বিভিন্ন কোম্পানির হাতে। এমন অবস্থায় তাঁরা ভাওর ও বারইপাড়া গ্রামে দুটি কৃষক সংগঠন প্রতিষ্ঠা করেন। গান্ধী আশ্রম ট্রাস্ট ও বাংলাদেশ রিসার্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের সহায়তায় প্রাণবৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে তাঁরা টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে স্থানীয়ভাবে গবেষণা শুরু করেন। ২০০৪ সাল থেকে চলা এ গবেষণার মধ্য দিয়ে তাঁরা বিলুপ্তপ্রায় ৩৮টি জাতের ধান সংরক্ষণে সক্ষম হয়েছেন। এতে পরিত্যক্ত ও জলাবদ্ধ জমিতে চাষাবাদের নতুন সম্ভবনা দেখা দিয়েছে। স্থানীয়ভাবে এ বছরই ২২৭ একর পরিত্যক্ত জমিতে জালি আমন ও রোপা আমন ধান চাষ করা হয়েছে; যা আগামী মৌসুমে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সংবাদ সমেঞ্চলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার ও বারইপাড়া কৃষক একতা সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, বিজন সেন, আইনজীবী হুমায়ুন কবির প্রমুখ।