বিলুপ্তপ্রায় ‘কাসালত’ বাংলাদেশি ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়াজুড়ে হইচই ফেলে দেওয়া ‘কাসালত’ ভারতের নয়, বাংলাদেশেরই বিলুপ্তপ্রায় ধান। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর গ্রামে নিজ বাড়িতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। কাসালতসহ বিলুপ্তপ্রায় চার প্রজাতির ধান তিনি কৃষকের হাতে ফিরিয়ে দেন। ‘কাসালত ধানকে ফিরে পাওয়া এবং কৃষি ও প্রযুক্তিতে হাজীপুর’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট। সম্প্রতি নেচার সাময়িকীর এক প্রতিবেদনে ‘কাসালত’ ধানকে ভারতীয় ‘বুনো ধান’ উল্লেখ করা হয়। আবেদ চৌধুরীর জোরালো ভূমিকার কারণে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) সেই ধানটিকে অবশেষে বাংলাদেশি ধান বলে স্বীকৃতি দিয়েছে। আবেদ চৌধুরী বলেন, কাসালত আউশ প্রজাতির ধান। এই অঞ্চলের বিলুপ্তপ্রায় ধানের একটি। আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, সবাই এই ধান চেনেন। নেচার সাময়িকীতে এই ধানটি সম্পর্কে নিবন্ধ প্রকাশিত হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়। পরে তিনি এর প্রতিবাদ করেন। তিনি নিজে এই ধানটির সঙ্গে পরিচিত। ধানটির খোঁজে প্রায় এক মাস ধরে গ্রামে গ্রামে ঢোল পেটানো হয়। শেষ পর্যন্ত একটি গ্রামে তিনি এই ধানের খোঁজ পান। একজন কৃষক এখনো কাসালত ধানের চাষ ও সংরক্ষণ করেন।আবেদ চৌধুরী বলেন, ‘বিলুপ্তপ্রায় কাসালত, বাউরস, চিংড়ি ও দুমাই—এই চার জাতের ধান আমি কৃষকের হাতে তুলে দিচ্ছি, যা তাঁরা যুগ যুগ ধরে চাষ করেছেন। বিলুপ্তপ্রায় এসব ধান আবার ফিরে পাওয়া গেছে, এটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি।’ তিনি জানান, কাসালত ধানে এমন এক জিনের সন্ধান পাওয়া গেছে, যা ধানের উৎপাদন বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। জমিতে ফসফেট ছাড়াই এ ধান হতো। কাসালত ধানে একটি অতিরিক্ত জিন আছে, যা ফসফরাস ধারণ করে। প্রতিবছর ধান উৎপাদনে যে কোটি কোটি টাকার সার ব্যবহার করা হয়ে থাকে, কাসালতের ক্ষেত্রে এই সার ব্যবহারের প্রয়োজন পড়বে না। কাসালতের বৈশিষ্ট্য হচ্ছে, এটি উৎপাদন ২৫ শতাংশ বাড়িয়ে দেবে।আবেদ চৌধুরী জানান, ১৯২৫ সালে পাঁচ জাতের ধানের সঙ্গে কাসালত ধান সিলেট অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। তখন এই অঞ্চল ছিল ভারতের অংশ, যে কারণে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এই ধানকে ভারতের বলে উল্লেখ করেছিল। পরে তিনি প্রতিবাদ জানালে ভারতের পক্ষ থেকে কাসালত ধানটি সে দেশের বলে প্রমাণ করতে ব্যর্থ হয়। তিনিই প্রমাণ করেন, বাংলাদেশের বৃহত্তর সিলেটের মৌলভীবাজার, কমলগঞ্জ, রাজনগর, বিশ্বনাথ, ছাতক, কমলগঞ্জ, কুলাউড়া ও করিমগঞ্জে ব্যাপক হারে এই ধানের আবাদ করা হতো। এই অঞ্চলের মধ্যে শুধু করিমগঞ্জ এখন ভারতে পড়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে যখন খাদ্যসংকট নিয়ে সবাই উদ্বিগ্ন, তখন সিলেট অঞ্চলের বিলুপ্তপ্রায় এই ধান খাদ্য উৎপাদন বৃদ্ধিতে নতুন করে আশার সঞ্চার করেছে। এটা প্রমাণ করে, বাংলার শত শত প্রজাতির ধান হারিয়ে না গেলে ধানের দুনিয়ায় বৈচিত্র্যের ভান্ডার থাকত এই দেশেরই। বিলুপ্তপ্রায় ধান কৃষকের হাতে পুনরায় ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাছ খান, সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।