বিলুপ্তির আশঙ্কায় মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী পাটিশিল্প
হারিয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী পাটিশিল্প। দেড় শ বছর ধরে বংশপরম্পরায় এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন জেলার টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের পাটিকরপাড়ার বাসিন্দারা। পাটি তৈরি করার কারণে ওই এলাকা পাটিকরপাড়া নামে পরিচিত। তবে পরিশ্রম ও উৎপাদন খরচের তুলনায় আশানুরূপ লাভ না হওয়ায় পারিবারিক পেশা ছেড়ে দিচ্ছেন অনেকে।
পাটিকররা বলেন, বর্তমানে যন্ত্রে তৈরি পাটি তুলনামূলক কম মূল্যে পাওয়া যায়। ফলে ক্রেতাদের হাতে তৈরি পাটির প্রতি আগ্রহ কমে যাচ্ছে।
পাটিকরপাড়ায় ৭০টির বেশি পরিবার বাস করে। আগে পরিবারগুলোর বেশির ভাগ সদস্যই পাটি তৈরিতে নিয়োজিত ছিলেন। তবে ধীরে ধীরে অনেকে বাপ-দাদার এই পেশা ছেড়ে দিচ্ছেন। স্থানীয় লোকজন বলেন, ইতিমধ্যে ২০-২৫টি পরিবারের সদস্যরা অন্য পেশায় চলে গেছেন। অনেকে পেশা ছেড়ে দিতে চাইছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কয়েকটি বাড়িতে নারী ও পুরুষ মিলে পাটি তৈরি করছেন। ওই পাড়ায় মন্দিরের সামনের খালি জায়গায় বসে পাটি তৈরির কাজে ব্যস্ত বৃদ্ধ নারায়ণ মোদি। তিনি বলেন, পাটি তৈরির জন্য মূলত প্রয়োজন হয় মোতরা বেতের। আগে মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে ঝোপ-জঙ্গলে বেত পাওয়া যেত। আট-দশ বছর ধরে মোতরার সংকট থাকায় সিলেট থেকে তা কিনে আনতে হয়। এতে খরচ বেড়ে গেছে। কিন্তু সে অনুযায়ী বাজারমূল্য পাওয়া যায় না। তিনি বলেন, মোতরা থেকে বেত তৈরি করে পাটি বানানো হয়। এতে এক সপ্তাহের মতো সময় লাগে। দুই থেকে তিন দিন মোতরাটাকে পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপর সেটা থেকে বেত তুলতে আরও দুদিন। পাটি বানাতে আরও দুদিন।
তবে পাটিকররা বলেন, শহরের তুলনায় গ্রামগঞ্জে এখনো হাতের তৈরির পাটির চাহিদা রয়েছে। তবে গ্রামে গ্রামে ঘুরে ফেরি করে বিক্রি করতে হয়। শ্রম বেশি। প্রাপ্তি কম। তাঁদের তৈরি পাটি নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় যায়।
পাটি ব্যবসায়ী স্বপন দে বলেন, মোতরা কেনা থেকে পরিবহন খরচসহ একটি পাটি তৈরিতে উৎপাদন ব্যয় হয় ৪০০ টাকা। সেই পাটি পাটিকররা পাইকারিভাবে ৫০০ টাকায় বিক্রি করেন। একটা পাটির পেছনে সাত দিন সময় ব্যয় করে মাত্র ১০০ টাকা লাভ হয়। ফলে পাটিকররা এখন এই পেশার প্রতি উৎসাহ হারিয়ে ফেলছেন।
পাটিকরপাড়ার যুবক লিটন দাস বলেন, এক দিন জোগালির কাজ করলে ৪০০ টাকা পাওয়া যায়। সেখানে পাটি তৈরিতে সারা দিন কাজ করলে পাওয়া যায় ১২০ থেকে ১৫০ টাকা। তাই গ্রামের ছেলেরা এখন অটোরিকশা, টেম্পো চালানোসহ বিভিন্ন পেশায় জড়িয়ে পড়ছেন। অনেকে বিদেশেও চলে গেছেন।
জেলা শহরের বাজার ঘুরে দেখা যায়, যন্ত্রে তৈরি পাটি বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকায়। সেখানে হাতের তৈরি পাটির খুচরামূল্য ৬০০ থেকে ৭০০ টাকা। ফলে ক্রেতারা এখন প্লাস্টিকের পাটির প্রতি বেশি ঝুঁকছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে আজিম বলেন, একসময় পাটি মানুষের ঘরে ঘরে ছিল। কালক্রমে সেই পাটি হারিয়ে যাচ্ছে। পাটিশিল্প টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও পাশে দাঁড়াতে হবে।