বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির অনেক মাছ
মৌলভীবাজার জেলার হাওর, নদী ও খাল-বিল থেকে দেশীয় প্রজাতির অনেক মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কৃষি জমিতে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার, হাওর ভরাট এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহারসহ মাছের বিচরণ ক্ষেত্রের প্রতিকূল পরিবর্তনের কারণে এরই মধ্যে বেশ কিছু প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে।মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় হাকালুকি, কাওয়াদীঘি এবং হাইল হাওর ছাড়াও বেশ কিছু ছোট-বড় হাওর রয়েছে। অন্যদিকে মনু, জুড়ী, ফানাই, কন্টিনালা ও লাঘাটাসহ বেশ কিছু নদী এবং খাল মাছের প্রধান উৎস। এসব জলাভূমির মাছ জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। একসময় জলাভূমিতে দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য ছিল। কিন্তু এখন বেশ কিছু প্রজাতির মাছ আর তেমন দেখা যায় না। সূত্র আরও জানায়, জেলায় আগে দেশীয় প্রজাতির যেসব মাছ পাওয়া যেত, তার অনেকটাই এখন বিপন্ন, সংকটাপন্ন অথবা মহাবিপন্ন হয়ে পড়েছে। বিপন্ন প্রজাতির মাছের মধ্যে রয়েছে গোলসা, ঘনিয়া, দাড়কিনা, আইড়, পাবদা, বড় বাইম, তিতপুঁটি, নামা চান্দা, কালবাউস, গজার, তারা বাইম ইত্যাদি। হাওর ও নদীতে অভয়াশ্রম সৃষ্টি করে প্রজননের সুযোগ তৈরি, প্রাকৃতিক জলাভূমি একেবারে শুকিয়ে মাছ না ধরা, কৃষি জমিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারকে নিরুৎসাহিত করা, হাওর এলাকার জলাশয়গুলোর শ্রেণী পরিবর্তন করে ইজারা না দেওয়া, মৎস্য আইনের যথাযথ প্রয়োগ এবং জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা না গেলে বিপন্ন প্রজাতির এসব মাছ টিকিয়ে রাখা সম্ভব নয়।এ ব্যাপারে মৎস্য অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘জলাশয় ভরাট, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা, কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারসহ মাছের টিকে থাকার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হওয়ায় অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। চিহ্নিত ও অবক্ষয়িত জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ প্রকল্পের আওতায় জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, সদর, বড়লেখা এবং রাজনগর উপজেলার হাওর ও খালবিলে প্রায় আড়াই লাখ শিং ও মাগুরের পোনা ছাড়া হয়েছে। এ ছাড়া এলাকার মৎস্যজীবীদের প্রশিক্ষণসহ জনসচেতনতা বাড়াতে প্রচার এবং কারেন্ট জাল ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।