ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি ভেঙে দেওয়ার পাঁচ দিন পর তা পুনর্বহাল করা হয়েছে।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিন গতকাল সন্ধ্যায় বলেন, সভাকে ঘিরে শহরে উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এটি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।
আওয়ামী লীগের জেলা ও স্থানীয় চারজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ২১ নভেম্বর ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সভায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সভা থেকে নান্দাইল আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খানকে আহ্বায়ক করে ৬২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেন, তাঁর সই জাল করে ডাকা ওই সভার সিদ্ধান্তগুলো দলীয় গঠনতন্ত্র বিবেচনায় বৈধ নয়।
এ অবস্থায় গত বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি আগের কমিটি বহালের ঘোষণা দেয়। এ খবর পেয়ে শুক্রবার ভোরে কার্যকরী কমিটির পক্ষের সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। বিকেলে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমাবেশ করে দল ভাঙার জন্য সাংসদকে দায়ী করে বক্তব্য দেন কমিটির সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ভূঁইয়া প্রমুখ। পরে সমর্থকদের নিয়ে শহরে মিছিল করেন কমিটির পক্ষের লোকজন।
ওই মিছিল শেষ হওয়ার ঘণ্টা দুয়েক পর সাংসদ আনোয়ারুল আবেদিন খানকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে সংবর্ধনা প্রদানের জন্য নান্দাইল শহীদ স্মৃতি কলেজে শনিবার সভা আয়োজনের ঘোষণা মাইকযোগে প্রচারিত হয়।
শহরের নতুন বাজার এলাকার চারজন বাসিন্দা বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে শব্দযন্ত্র স্থাপনের কাজ চলে। রাত পৌনে ১১টার দিকে ১৪৪ ধারা জারির ঘোষণা শোনা যায়।